Image description

বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর এজেন্টদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নানা জায়গায় নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষণের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল। পরে এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখছি না। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

নির্বাচন কমিশন ও প্রশাসন বিশেষ একটি দলের দিকে হেলে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, মানুষ কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না।

 

ইউরোপীয় ইউনিয়নের টিমের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের প্রস্তুতি নিয়ে তারা জানতে চেয়েছে। জামায়াত কাজ করতে গিয়ে কোথাও কোনো বাধা পাচ্ছে কি না, এগুলোও জানতে চেয়েছে।

 

তিনি বলেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। সন্ত্রাসীদের হাতে আছে। আরও আগেই এগুলো উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

 

তিনি আরও বলেন, ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। কিন্তু কোনো কোনো জায়গায় বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। যাত্রীদের হয়রানি করা হচ্ছে। এতে মানুষের বাড়ি ফেরা বিঘ্নিত হচ্ছে।