Image description

১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করলেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি। 

এই নির্বাচন নিয়ে বিএনপি কি চাপে?—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সব নির্বাচনকেই গুরুত্ব সহকারে নেই। প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলকে সিরিয়াসলি নিচ্ছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী যে এবার বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে।

মাঠ প্রশাসন জামায়াতে ইসলামীর সাজানো বলে যে অভিযোগ আছে, সে প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এ ধরনের অভিযোগ গণমাধ্যমে এসেছে। কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখছি না। সরকারি কর্মচারী-কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবেন বলেই আমার ধারণা। রাজনৈতিক মতামত অনেকের থাকতে পারে, কিন্তু দায়িত্ব পালনে সবারই নিয়ম মেনে কাজ করা উচিত। এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স থাকার ফলে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দেখছি না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে সারা দেশে অনেক কথাবার্তা চলছিল, বিশেষ করে মিডিয়াতে। অনেক দিন ধরে নির্বাচন না হওয়াতে সবার মধ্যে উদ্বেগ ছিল। তবে এখন পর্যন্ত এবারের নির্বাচনের পরিবেশ ভালো। প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছিল, তারপর সবাই সংযত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলেই।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর এলাকার রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাঁর সফর বিএনপির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

১১ দলীয় জোটের প্রচারণা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, একটি দল যখন আত্মপ্রকাশ করে, তখন তার আওয়াজ বেশি হয়। আর জামায়াত অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে প্রচারণা চালায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে এসব খুব একটা কাজে দেয় না।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা দেখতে পাচ্ছেন কিনা—এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আশঙ্কা থাকতেই পারে। বাংলাদেশ তো রাতারাতি স্বর্গ হয়ে যাবে না। কিছু সমস্যা থাকলেও আমরা যারা পজিটিভ রাজনীতি করছি, তারা সবাইকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছি। আমরা আশাবাদী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাই ভোটকেন্দ্রে যাবেন। 

তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। 

মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। 

আরটিএনএন