একটি দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ অভিযোগ করেন।
বিবৃতিতে মাহদী আমিন বলেন, “আপনারা সবাই জানেন, কীভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি, বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।”
ঢাকা-১৫ আসনে একটি দলের প্রধানের পক্ষে ভোট চাইতে গিয়ে টাকা বিরতণ করা হচ্ছে, যা দেশব্যাপী তুমুল সমালোচনার জন্ম দিয়েছে বলে জানিয়েছেন মাহদী আমিন।
নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে প্রচারণার সময় মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে, দুর্নীতির মাধ্যমে, টাকা ছড়িয়ে, দলীয় প্রধানের আসনসহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায়, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কী হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীদের ওপর হামলারও অভিযোগ করেছে বিএনপি।