টাকা বিলির অভিযোগ এনে মব সৃষ্টি করে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচনি অফিসে হামলা চালানো হয়েছে। এসময় ৯ জন কর্মী-সমর্থক আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সৈয়দপুরের নতুন বাবু পাড়া এলাকার তিলেরখাজা সড়কে ওই নির্বাচনি অফিসে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা হলেন- কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলেট বাবু ও কর্মী শাকিল আহমেদ। পরে যৌথবাহিনী খবর পেয়ে অভিযান চালিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে।
লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, বিভিন্ন দলের উগ্র সন্ত্রাসীরা আমার অফিসে হামলা চালায়। অবৈধ অর্থ রাখার ভুয়া অভিযোগে সন্ত্রাসীরা দীর্ঘদিন হামলার ছক কষে গভীর রাতে হামলা করে। অথচ নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি করে কোনো অস্বাভাবিক কিছু পায়নি বলে সাংবাদিকদের স্টেটমেন্ট দেন।
তিনি বলেন, আমার নির্বাচনি মালামাল তছনছ করে প্রায় ১০ জনের বেশি কর্মীকে মারধর করে, যার মধ্যে দুইজন গুরুতর আহত হয়ে রংপুর কমিউনিটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম বলেন, ওই অফিস থেকে টাকা বিলি করার অভিযোগের কোনো সত্যতা মেলেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।