জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল (৩২)।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
থাইল্যান্ডে তিনি টানা ১৪ মাস নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে পুনরায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
দীর্ঘ ১৮ মাস পর এই জুলাইযোদ্ধার মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।