Image description

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা যতই পরিকল্পনা করি, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের ভাগ্যের পরিবর্তন দুরূহ হয়ে উঠবে। আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।’ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘এই দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশের সন্তানরা পড়ালেখা শেষে ব্যবসা-বাণিজ্য ও নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারে।

কাউকে যেন দুশ্চিন্তা করতে না হয়। দেশের নানা সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’

 

ক্ষমতায় গেলে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিখ্যাত খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা দূর করার জন্য যেখানে যেখানে যতগুলো খাল প্রয়োজন, সেগুলো খনন করা হবে।’

তারেক রহমান বলেন, ‘সরকার গঠন করতে পারলে সঙ্গে সঙ্গেই সমগ্র বাংলাদেশে এই খাল খনন কর্মসূচি শুরু করা হবে।

এতে জলাবদ্ধতা দূর হবে এবং মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

 

তিনি বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার সময় প্রায় এক হাজার চার শ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং প্রায় ২০ হাজার মানুষকে আহত করেছে।’

গত ১৭ বছরে অধিকার আদায়ের জন্য কেউ জীবন দিয়েছে কেউ পঙ্গুত্ববরণ করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের মতামত তুলে ধরতে চায় এবং অধিকার প্রয়োগ করতে চায়।’

তারেক রহমান বলেন, ‘গত ১৭ বছরে মেগাপ্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগাপরিবর্তন হয়নি।

হয়েছে মেগাদুর্নীতি, অনেকের পকেট ভারী হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘আমাদের সামনে বিশাল বড় কাজ রয়েছে। ১২ তারিখে আমরা নির্ধারণ করব, কাদের দিয়ে দেশ পরিচালনা করব। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে নানা কথা বলতে পারি, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। আমাদের পরবর্তী ধাপ ও সামনের লক্ষ্য হলো দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো।

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।