Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ১৬টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি ফোর্স মোতায়েন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৯ জানুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধশতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময়সভা পরিচালনা করা হয়।

 

মোতায়েনকৃত বিজিবি নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়াও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে ও সম্ভাব্য হুমকি প্রতিরোধে ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা দিনরাতে নিরবচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে ৩৫ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি সহায়তা দিয়ে আসছেন।

এ ছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির নিমিত্তে বিশেষ দল সমাবেশস্থলে মোতায়েন হয়ে দায়িত্ব পালন করছে।

প্রসঙ্গত, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী দল/ব্যক্তি যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি, স্থিতিশীলতা বজায় রাখা ও সীমান্তে আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ/পতাকা বৈঠক এবং সীমান্তবর্তী জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক মতবিনিময়সভা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।