Image description

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সহিদুল আলমকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী। 

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে দুই প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের  প্রার্থী  মো. হাবিবুর রহমান। 

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গণ অধিকার পরিষদ সবসময় বিএনপির সহযোদ্ধা হিসেবে রাজপথে রয়েছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা মো. সহিদুল আলম তালুকদারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে ট্রাক প্রতীক থাকলেও দলীয় কর্মী-সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান হাবিবুর।

বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম বলেন, গণ অধিকার পরিষদ আমাকে সমর্থন দেওয়ায় আমাদের শক্তি আরো বেড়ে গেছে। এ জন্য আমি এবং আমার দল কৃতজ্ঞ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় আরো একধাপ এগিয়ে যাবে আশা করে।

 

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাওলাদারসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।