Image description

দীর্ঘ দুই বছর অপেক্ষার পর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জজ কোর্টে এ চার্জশিট জমা দেওয়া হয়।

চার্জশিটে বলা হয়েছে, অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রয়োগ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের গুরুতর গাফিলতির কারণেই শিশু আয়ান আহমেদের অকাল মৃত্যু হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন চিকিৎসককে অভিযুক্ত করা হয়েছে।

চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—
১) ডা. তাসনুবা মেহজাবিন
২) ডা. সাঈদ সাব্বির আহমেদ
৩) ডা. নাজিম উদ্দিন

মামলার বাদী ও নিহত আয়ান আহমেদের বাবা মো. শামীম আহমেদ জানান, পুলিশের দাখিল করা চার্জশিট আনুষ্ঠানিকভাবে আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর হলেও তদন্তে সত্য উদঘাটিত হওয়ায় তিনি ন্যায়বিচারের বিষয়ে আশাবাদী।

এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মামলাটি গুরুত্বের সঙ্গে অনুসরণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অভিভাবকদের অনুমতি ছাড়াই খৎনা করানো হয়ে বলে অভিযোগ করেন তার বাবা শামীম আহমেদ।

শিশু আয়ানের বাবা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। সাত দিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর গত রোববার মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।