Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগের ঘটনায় দাকোপ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন মাওলানা ইলিয়াস।

ভিডিও বার্তায় তিনি বলেন, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে জড়িয়ে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে, সেটা একটা মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। আনুমানিক সকাল নয় টায় ত্রিশ মিনিটে আমার বাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কয়েকজন মহিলা কর্মী হাতপাখার পক্ষে ভোট চাইতে আমার মিসেসের কাছে যান।

‘আমার মিসেস মহিলা কর্মীদের কাছে জানতে চান, আমার স্বামীকে নিয়ে যে বাজে মন্তব্য ও হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিকার কি আপনারা করতে পেরেছেন? অথবা আপনার দল কি কোন ভূমিকা রেখেছে? এক পর্যায়ে মহিলারা তর্ক বিতর্কে জড়ায়। কিন্তু পরবর্তীতে আমাকে জড়িয়ে মিথ্যা বক্তব্য প্রদান করা হয়।’ 

মাওলানা ইলিয়াস বলেন, কিছুদিন পূর্বে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উজেলার সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে জড়িয়ে নানা কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে। এ কারণে আমি থানায় অভিযোগ করেছি, যার কপি আমার কাছে রয়েছে প্রমাণ স্বরূপ। 

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করার কারণে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে। তা এই ঘটনার অংশ। আমি সকল দেশপ্রেমিক ও নাগরিক ও প্রশাসনকে সুষ্ঠু তদন্ত করার জন্য আহ্বান করছি।