আসন্ন নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নের বৈধতা সংক্রান্ত আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলেরও অনুমতি দেওয়া হয়েছে।
রোববার আপিল বিভাগ এ আদেশ দেয়। এর ফলে আরিফুর রহমান দোলন নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।
তিনি আরটিএনএনকে বলেন, আরিফুর রহমান দোলনের মনোনয়ন বৈধ করার আদেশ স্থগিত হয়ে গেছে। এখন আর তার নির্বাচন করার সুযোগ নেই।
রিটার্নিং অফিসার প্রথমে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। এ আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।
এখন আপিল বিভাগ তার মনোনয়নের বৈধতা সংক্রান্ত আদেশ স্থগিত করায় তার আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকল না।
কৃষকলীগ নেতা আরিফুর রহমান দোলন গত সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।