Image description

ফটিকছড়িতে মারামারির মামলায় যুবদল নেতা জিয়াউল কবির ওরফে ঘোষণা কবির (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ভুজপুর থানাধীন হেয়াকোঁ বেগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কবির উত্তর ফটিকছড়ির হেয়াকোঁ সরকারপাড়া গ্রামের ফরিদের ছেলে।

ভুজপুর থানা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি হেয়াকোঁ সরকারপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সমাজের সর্দার তাজুলসহ ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ভুজপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে ঘোষণা কবির ও তার সহযোগীরা তাজুলের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

 

স্থানীয়দের দাবি, রোববার সকালে ঘোষণা কবির ও তার ভাই জসিম তাজুলের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে হুমকি দেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঘোষণা কবির পালিয়ে যান।

পরে রাতে অভিযান চালিয়ে হেয়াকোঁ বেগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।