Image description

টুডে ডেস্ক 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ক্ষমতায় যাওয়ার আগেই রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি সম্পৃক্ত দল হিসেবে বিএনপি কার্যত “চ্যাম্পিয়ন” হয়ে উঠেছে। সংস্থাটির এক গবেষণায় দেখা গেছে, ৫ আগস্টের পর সংঘটিত রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনার সঙ্গেই বিএনপির সম্পৃক্ততা রয়েছে।

‘স্বৈরাচারের পতনের দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন আজ (২ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে সারাদেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনায় ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭ হাজার ৮২ জন আহত হয়েছেন।

গবেষণার তথ্য অনুযায়ী, এই ৬০০ ঘটনার মধ্যে ৫৫০টিতেই বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে, যা সহিংসতায় দলটির আধিপত্যকে স্পষ্টভাবে তুলে ধরে। টিআইবি জানায়, সরকার পতনের পর আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রম দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, পাথর কোয়ারি ও বালু মহাল দখল, বাজার ও ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সহিংস প্রতিযোগিতা বাড়ে। তারপরে ১২৪ ঘটনাটিতে সম্পৃক্ত থাকায় দ্বিতীয় স্থানে আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। 

প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত নিজ দলের কর্মীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়াই এই রক্তক্ষয়ী পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে।