Image description
 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে নোঙর করা শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সার পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।

 

ঘটনার সময় ফেরিতে যাত্রী ও বিভিন্ন যানবাহন অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টুনে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে ময়লা পরিষ্কারের সময় সাইলেন্সার দিয়ে বের হওয়া ধোঁয়া থেকে আগুনের সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।