বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, যাদের জনগণের মধ্যে কোনো অবস্থান নেই, অতীতেও যারা ভোট পায়নি এবং ভবিষ্যতেও পাবে না, তারাই নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে বিএনপির বিরুদ্ধে আবোলতাবোল বক্তব্য দিচ্ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণাকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, যখন নির্বাচন সামনে আসে এবং কেউ বুঝতে পারে যে ভরাডুবি নিশ্চিত, তখনই তাদের মাথা খারাপ হয়ে যায় এবং তারা বিএনপিকে ও দলের নেতা তারেক রহমানকে ঠেকানোর জন্য নানা ধরনের অপপ্রচার শুরু করে। কেউ কেউ দাবি করছে ঢাকা শহরের সব আসন তারা দখল করে নিয়েছে এবং বিএনপি একটি আসনও পাবে না।
তিনি বলেন, এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অতীত ইতিহাসই বলে দেয় জনগণ কাকে ভোট দিয়েছে। যারা বিএনপির সঙ্গে ছিল তারা জামানত রক্ষা করেছে, আর যারা বিএনপির বাইরে ছিল তারা জামানত হারিয়েছে। ঢাকা শহরে অতীতেও বিএনপি সব আসনে বিজয়ী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আবদুস সালাম বলেন, নির্বাচনে দাঁড়িয়ে এমন প্রার্থীও দেখা যায় যারা শত ভোটও পায় না, অথচ তারা বিপুল ভোটে জয়ের দাবি করে। কিন্তু জনগণ জানে কে নির্বাচিত হবে।
তিনি বলেন, এ দেশের মানুষ সংকটকালে সব সময় সঠিক নেতৃত্ব বেছে নিয়েছে। দেশের ক্রাইসিসের সময় জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা বানিয়েছিল। তিনি কোনোভাবেই জোর করে ক্ষমতায় আসেননি, বরং জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন এবং দেশের ভাগ্য পরিবর্তন করেছিলেন।
‘পরে যখন দেশে গণতন্ত্র ছিল না, তখন জনগণ বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসে এবং তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।’
বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, আজ দেশে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থানে নেই। এই অবস্থায় দেশের মানুষ মনে করছে আবারও একজন নেতা দরকার, আর সেই নেতা হিসেবে তারা তারেক রহমানকে এরই মধ্যে বেছে নিয়েছে।
তিনি বলেন, তারেক রহমান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে তিনি যেখানে যাচ্ছেন, সেখানে জনগণের ভিড় দেখা যাচ্ছে।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরে আবদুস সালাম বলেন, ভাষানটেক এলাকা ও কড়াইল এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে যে কেউ অবাক হবে। রাজধানী শহরে এমন অবস্থাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এসব এলাকার মানুষ উন্নয়ন চায়—গ্যাস, রাস্তা, পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা চায়। তারা বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধির মাধ্যমেই এসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব। সে কারণেই আগামী নির্বাচনে তারা প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে চায়।