কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন। যদি জনগণের অধিকার নিয়ে নির্ভীকভাবে কথা বলার একজন প্রতিনিধি চান, তাহলে আমাকে ভোট দেন।
রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচনী এলাকা ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক জনসভায় তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব জরুরি।
নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতার লোভে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট আপনার অধিকার, এই অধিকার সঠিক মানুষকে দিয়ে কাজে লাগান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমানের স্ত্রী অ্যাড. উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, স্থানীয় রাজনৈতিক নেতারা, দলীয় কর্মী-সমর্থকসহ বিপুল সাধারণ মানুষ।