কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকার জন্য বিরোধের জেরে রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার বড় ছেলে জুয়েল মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ভোরে ধারালো দা দিয়ে জুয়েল মিয়া তার বাবা রমজান আলীর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কোপ দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত ছেলেকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত দা জব্দ করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত জুয়েল মিয়া নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য বাবা-ছেলের মধ্যে বিরোধের একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।