১২ জন অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া আরও ৪ জন যুগ্নসচিবকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে এ পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অতিরিক্ত সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পালকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এ তালিকায় রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, ড. হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকি, নূরুন আখতার, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।
অন্যদিকে, যুগ্মসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে এ পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আর খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
একইসাথে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মু. জসীম উদ্দিন খান।
অন্যদিকে, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাসুদ আলম। এজন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সোহেলুর রহমান খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।