Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে ভুল তথ্য দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের একটি ছবিতে ব্যবহৃত ব্যানারে তাকে ‘শেখ হাসিনার মা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ব্যানারে খালেদা জিয়াকে শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এমন গুরুতর ভুল নিয়েই ছাপানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের (২০২৭) ক্যালেন্ডার। শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মেলনে অতিথিদের মধ্যেও বিতরণ করা হয়েছে এ ক্যালেন্ডার।

 

বিষয়টি নজরে আসার পর ক্যালেন্ডার ছাপানো বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিতরণ করা ক্যালেন্ডারও ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

 
 

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল-হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত একদল ব্যক্তির পেছনে রয়েছে একটি কালো ব্যানার।

ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। তবে এর ঠিক ওপরেই ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।

এমনকি ব্যানারের বাম পাশে থাকা ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও রয়েছে। অর্থাৎ, একই ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে ‘শেখ ফজিলাতুন নেছা মুজিবের’ পরিচয় জুড়ে দেওয়া হয়েছে।

ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়েও এমন ভুল কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ক্যালেন্ডারে এমন ভুলের ঘটনায় জনসংযোগ দপ্তরে কর্মরত উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি ওই কর্মকর্তার অসচেতনতা ও দায়িত্বে অবহেলার শামিল।

অন্যদিকে জনসংযোগ দপ্তরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ২৯ নভেম্বর থেকেই এ আদেশ কার্যকর হবে।

এছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং দুই উপ-পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের জন্য মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। গত ২৮ নভেম্বর অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’ এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে। যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।