Image description

বিজয় মাসের কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে ঘোষণার দুদিনের মাথায় সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। হঠাৎ এই স্থান পরিবর্তনের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান উন্নয়নকাজকে কারণ হিসেবে উল্লেখ করেছে বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ভেনুর ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়ন ও বিন্যাসের কাজ চলমান থাকায় সেখানে সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের মঞ্চ তৈরি করা হবে। পল্টন কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরমুখী।

দলীয় সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বরের এই সমাবেশের মধ্য দিয়ে বিজয় মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। এ কারণে সমাবেশটিকে কর্মসূচির উদ্বোধনী আয়োজন হিসেবে গুরুত্ব দিচ্ছে দলটি।

বিএনপির পক্ষ থেকে স্থান পরিবর্তনের কারণ হিসেবে উন্নয়নকাজের কথা জানানো হলেও সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানে এর সত্যতা পাওয়া গেছে। উদ্যানে বেশ কয়েকটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্ট্রিমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। সিটি করপোরেশন সেখানে পার্ক নির্মাণের কাজ করছে। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরেরও একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে।