প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা বাড়ছে। এ নিয়ে দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রোববার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আনোয়ার ইব্রাহিম বলেছেন, গত তিন থেকে চার বছরে এ অঞ্চলে মোসাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি তৈরি করে এসব কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, মোসাদের এসব তৎপরতার বিষয়ে সাধারণ মানুষকে জানাতে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদকে (এমকেএন) নির্দেশ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
মোসাদের তৎপরতা দেশের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তাই এ বিষয়ে বাড়তি সতর্কতা ও নজরদারি প্রয়োজন বলে মনে করেন তিনি।
পাশাপাশি, এসব তৎপরতা মোকাবিলায় দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা বজায় রাখার কথাও বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো জমি কিনেছে বলে দাবি করা হচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে ফুকেট, ব্যাংকক ও দেশটির দক্ষিণাঞ্চল।
এসব জায়গায় জমি কেনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি ব্যবহার করেও মোসাদের কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, গত তিন থেকে চার বছরে প্রতিবেশী দেশগুলোতে মোসাদের তৎপরতা তিন থেকে চার গুণ বেড়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা প্রয়োজন। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও জরুরি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে।
একই সঙ্গে, দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তার মতে, নিরাপত্তা সংস্থাগুলোকে আরও দক্ষ ও শক্তিশালী করে তুলতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়। এ জন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি