কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রশাসন ক্যাডারের যেসব কর্মকর্তা এখনও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, তাদের অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কয়েকটি ব্যাচের নেতারা এ উদ্যোগ নিয়েছেন। ভিন্নমতাবলম্বী ওই সব কর্মকর্তার বিরুদ্ধে দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন তারা।
এরই মধ্যে ওই কর্মকর্তাদের চিহ্নিত করে বিভিন্ন ব্যাচ থেকে পৃথক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই তালিকা ধরে তাদের অপসারণ করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিষয়ে বিভিন্ন ব্যাচের শীর্ষ নেতাদের মতবিনিময় সভা হয়। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে সচিব, জেলা প্রশাসক (ডিসি), বিভিন্ন সংস্থার প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা হয়। তাদের ওই পদগুলো থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান উপস্থিত নেতারা।
সভায় একটি ব্যাচের সভাপতি অভিযোগ করেন, তাদের ব্যাচের কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন। এই কর্মকর্তাদের অবিলম্বে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার প্রস্তাব দেন তিনি।
সভায় কয়েকজন নেতা চট্টগ্রামের সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে আটকের প্রসঙ্গ টেনে .বলেন, গত বুধবার রাতে তাঁকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে প্রয়োজনে এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন তারা।
রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়ামে) ভবনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
বৈঠক সূত্র জানায়, বিভিন্ন ব্যাচের নেতাদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে অ্যাসোসিয়েশন। সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, সার বিতরণসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল অনুযায়ী পরিচালনার বিষয়েও আলোচনা হয়। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়ার কথা জানান নেতারা। আসন্ন ইউএনও ও ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন চলমান বিষয় তুলে ধরার কৌশল নিয়েও আলোচনা করেন তারা।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আইনগত বিধিনিষেধ রয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হতে কিংবা অন্য কোনোভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। এ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তা সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া, বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালনসহ নানা কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল। বর্তমান বিএনপি সরকারের আমলেও কয়েকজন কর্মকর্তা দলটির বিভিন্ন পদে থাকার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে সাবেক সচিব একেএম আবদুল আউয়াল মজুমদার সমকালকে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় কিছু কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘন করে বাড়াবাড়ি করেছেন, এটা সত্য। তবে কারা তখন বাড়াবাড়ি করেছেন এবং এখন কাদের আস্থায় নেওয়া উচিত, তা সরকারকে নিজস্ব প্রক্রিয়ায় নির্ধারণ করতে হবে। এভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না। তবে কর্মকর্তাদের মধ্যে এ ধরনের উদ্যোগে সিভিল সার্ভিসের তিক্ততা ও বিভাজন আরও বাড়তে পারে, যা কারও জন্য মঙ্গলজনক হবে না।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের এভাবে বৈঠক করা আচরণবিধির পরিপন্থি। কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে দেওয়া সমীচীন নয়।
অ্যাসোসিয়েশনের বক্তব্য
অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, একেকজন একেক রকম কথা বলবেন। তবে এসব অ্যাসোসিয়েশনের ইস্যু নয়; এগুলো রাষ্ট্রের কাজ, গোয়েন্দাদের কাজ। তারা বিষয়গুলো দেখবে। পুরো অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না, তাই সবার বক্তব্য শোনেননি বলে দাবি করেন তিনি।
মহাসচিব বলেন, এবার প্রথমবারের মতো এমন সভার আয়োজন করা হয়েছে। এখন থেকে নিয়মিত এ ধরনের সভা হবে। এর মাধ্যমে নানা কৌশলে দেশের জন্য বিভিন্ন কাজ করা যাবে। প্রায় প্রতিটি ব্যাচের কমিটি রয়েছে। এসব কমিটির মাধ্যমে কর্মকর্তাদের কাছে সরকারের বিভিন্ন বার্তা সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
জানা গেছে, ব্যাচভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের যোগাযোগ আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি মাঠ পর্যায়ে সরকারি কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় বিভিন্ন ব্যাচের সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব এবং কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ৪১তম বিসিএসের নেতারাও অংশ নেন।
আগের সরকারের সময়ও ছিল চাপের রাজনীতি
অন্তর্বর্তী সরকারের সময় সচিব, ডিসি ও বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ন বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। সংগঠনটির নেতারা নানা উপায়ে প্রতিবাদ ও চাপ সৃষ্টি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে তখন অনেক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন বাতিল করা হয়। কয়েকজনকে ওএসডি এবং চাকরিচ্যুতও করা হয়েছিল। বর্তমান সরকারের আমলেও প্রশাসনের কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অপসারণের দাবি উঠেছে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গত কয়েক দিনে পুলিশের একাধিক কর্মকর্তা গ্রেপ্তার ও প্রত্যাহার হয়েছেন।
গত ১৪ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ আরআরএফের পুলিশ সুপার জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। ২৪ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার অভিযোগে এসআরবি-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন পিবিআইর সুপার আবুল কালাম আজাদ ও নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়। ২৬ নভেম্বর ময়মনসিংহে কর্মরত পরিদর্শক সেলিম মিয়াকে গোপালগঞ্জে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার করা হয়।
এ ছাড়া গত ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এসব পদক্ষেপের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, পুলিশে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নজরদারি জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, ষড়যন্ত্রে জড়িত থাকার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নজর রাখা হচ্ছে। তিনি বলেন, সরকারি চাকরিতে রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়াই দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।