Image description

কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে ভারত পেরিয়ে নেপালের হিমালয়ে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা। ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানে জয় করেছেন পাঁচটি পর্বতশৃঙ্গ ও এভারেস্ট অঞ্চলের তিনটি দুর্গম গিরিপথ। ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাসে বাংলাদেশের পতাকা উড়িয়ে পূর্ণ করেছেন অভিযানের নির্ধারিত লক্ষ্য।

গত শুক্রবার সকাল ৯টা ৪৮ মিনিটে লারকে লা পাসের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেন বীর কুমার। তার দাবি, সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালে পৌঁছে এমন অভিযান সম্পন্ন করা প্রথম বাংলাদেশি ও প্রথম আদিবাসী সাইক্লিস্ট তিনি।

গত ১৬ আগস্ট কক্সবাজারের সি লেভেল জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন বীর কুমার। দীর্ঘ পথে প্রচণ্ড গরম, হাড়কাঁপানো শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকট মোকাবিলা করতে হয়েছে তাকে।

অভিযানে নেপালের চারটি দুর্গম ট্রেইল— এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করেন তিনি। এর মধ্যে ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প, ৪ নভেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার থরং লা পাস এবং ৯ নভেম্বর ৪ হাজার ১৩০ মিটার উচ্চতার অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছান। সবশেষ শুক্রবার লারকে লা পাস জয় করে মানাসলু সার্কিটের লক্ষ্য পূরণ করেন।