Image description
কাগজে কড়া শর্ত বাস্তবে জোড়াতালি

প্রায় ২২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় চুক্তি হচ্ছে কাল। অথচ যে জাপানি কনসোর্টিয়ামের হাতে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, তাদেরই এখনো প্রয়োজনীয় দক্ষ জনবল ও পরিচালন কাঠামো প্রস্তুত হয়নি। নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতিও। চুক্তিতে যাত্রীসেবার মান থেকে শুরু করে পরিচালনার সময়সীমা ও ব্যর্থতায় হাজার হাজার ডলার জরিমানার কঠোর বিধান থাকলেও বাস্তবে প্রস্তুতির চিত্র উলটো। ফলে ১৬ ডিসেম্বর উদ্বোধনের পর টার্মিনাল পরিচালনায় জোড়াতালি ও যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

বেবিচকের সদস্য (অপারেশন্স ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান বলেন, ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির উদ্বোধন হবে। ফ্লাইটটি দুবাই অথবা কুয়ালালামপুরগামী হতে পারে। পরদিন ১৭ ডিসেম্বর থেকে প্রতিদিন দুটি আগমনি ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এ সময়ে বেবিচক প্রয়োজনীয় পরিচালন সহায়তা দেবে। এর মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং যাত্রীদের বোর্ডিং ব্রিজ ব্যবহারের ব্যবস্থাপনাও থাকবে।

তবে এই সীমিত কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য, জাপানি কনসোর্টিয়াম এখনো প্রয়োজনীয় জনবল ও পরিচালন কাঠামো প্রস্তুত করতে পারেনি। ফলে প্রাথমিক পর্যায়ে পরিচ্ছন্নতা, বোর্ডিং ব্রিজ ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিচালন সহায়তা দিতে হবে বেবিচককে। অর্থাৎ, চুক্তি স্বাক্ষরের পরও নতুন টার্মিনালের কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে পুরোনো ব্যবস্থাপনার জনবল দিয়েই।

চুক্তির খসড়া অনুযায়ী, এলাকা বুঝে পাওয়ার পর আংশিক কার্যক্রম শুরু করতে কনসোর্টিয়ামের অন্তত আট মাস এবং পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে ১৪ মাস লাগবে। অথচ উদ্বোধনের পরপরই সীমিত পরিসরে ফ্লাইট চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এ সময়ে দায়িত্ব বণ্টন, যাত্রীসেবা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার আশঙ্কা রয়েছে।

চুক্তিতে কঠোর শর্ত, বাস্তবে কতটা সক্ষমতা : সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও জিটুজি পদ্ধতিতে সুমিতোমোর নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়াম ১৫ বছরের জন্য থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে। কালকের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। চুক্তি অনুযায়ী, স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসোর্টিয়ামকে টার্মিনাল এলাকা বুঝিয়ে দেওয়া হবে। এরপরই শুরু হবে ১৫ দিনের ট্রায়াল বা টেস্ট রান।

কনসেশন চুক্তির খসড়া পর্যালোচনায় দেখা যায়, ১৫ বছর মেয়াদি চুক্তিতে কনসোর্টিয়ামের জন্য বেশকিছু কঠোর শর্ত রাখা হয়েছে। চুক্তি স্বাক্ষরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ আন্তর্জাতিক ফ্লাইট ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করতে হবে।

যাত্রীসেবার মান নিয়েও রয়েছে নির্দিষ্ট সূচক বা কেপিআই। ফ্লাইট অবতরণের ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ সরবরাহ নিশ্চিত করতে হবে। চেক-ইন কাউন্টারে বিজনেস ক্লাসের যাত্রীদের অপেক্ষার সময় পাঁচ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে রাখার শর্ত রয়েছে। ব্যাগেজ হ্যান্ডলিং ও ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম (এফআইডিএস) ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।

এসব শর্ত বারবার পূরণে ব্যর্থ হলে প্রতিবার পাঁচ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। অর্থাৎ, পরিচালনার ক্ষেত্রে সামান্য ঘাটতিও আর্থিক দায় তৈরি করতে পারে। কিন্তু যে জনবল ও অবকাঠামোগত প্রস্তুতির ওপর এসব মানদণ্ড বাস্তবায়ন নির্ভর করছে, সেগুলো নিশ্চিত করার অগ্রগতি কতটুকু-তার স্পষ্ট চিত্র নেই।

রাজস্বের হিসাব আছে, প্রস্তুতির নিশ্চয়তা নেই : চুক্তির খসড়ায় আর্থিক লেনদেনের বিষয়টিও নির্ধারণ করা হয়েছে। কনসোর্টিয়াম দুই কিস্তিতে বেবিচককে ৮ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অগ্রিম ফি দেবে। প্রাথমিক পরিচালন পর্যায়ে মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ এবং পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পর ২৭ শতাংশ রাজস্ব বেবিচক পাবে। অন্যদিকে বহির্গামী আন্তর্জাতিক যাত্রীপ্রতি কনসোর্টিয়াম পাবে ১২ দশমিক ৫ ডলার এমবার্কেশন ফি। তবে রাজস্ব ভাগাভাগির হিসাব চূড়ান্ত হলেও পরিচালন সক্ষমতা নিশ্চিত করার বিষয়টি এখনো অনিশ্চিত।

দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগেও অগ্রগতি নেই : নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনায়ও রয়েছে অনিশ্চয়তা। চুক্তির শর্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একক কার্গো হ্যান্ডলার হিসাবে কাজ করবে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে একচেটিয়া আধিপত্য কমাতে ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার হিসাবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের প্রক্রিয়াই এখনো শুরু হয়নি। ফলে নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

ভাবমূর্তি ও যাত্রীসেবায় ঝুঁকি : এভিয়েশন খাতসংশ্লিষ্টদের মতে, এমন একটি মেগা প্রকল্প পরিচালনায় শুধু ভবন ও প্রযুক্তিগত অবকাঠামো প্রস্তুত থাকলেই চলে না। প্রয়োজন প্রশিক্ষিত জনবল, কার্যকর পরিচালন কাঠামো এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রস্তুতি। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় অপরিকল্পিতভাবে কার্যক্রম শুরু হলে যাত্রীসেবা, নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তি-সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে।