একসময় ভারতীয় রপ্তানি নিষেধাজ্ঞা, সংরক্ষণ ঘাটতি ও মজুতদারির কারণে দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ থেকে ৩৫০ টাকায় উঠেছিল। কয়েক বছর ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দামে অস্থিরতায় ভোগান্তিতে ছিলেন ভোক্তারা। তবে রেকর্ড উৎপাদন, কৃষকপর্যায়ে আধুনিক সংরক্ষণব্যবস্থার বিস্তার এবং নিয়মিত বাজার তদারকির ফলে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টন, যা বার্ষিক ৩৬ লাখ টন চাহিদার তুলনায় ৪১ শতাংশ বেশি। উৎপাদনের পর পচন রোধে এয়ার ফ্লো মেশিনসহ আধুনিক সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ করায় মৌসুম শেষেও বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর ফলে ১১ মাস ধরে দেশে বাণিজ্যিকভাবে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি, যাতে সাশ্রয় হয়েছে প্রায় ৩৮২ মিলিয়ন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকা।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ যুগান্তরকে বলেন, আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার ফলে ২০২৬ সালে দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি। ভবিষ্যতেও যেন এক কেজি পেঁয়াজও আমদানি করতে না হয়, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ ও বিপণনব্যবস্থা আরও শক্তিশালী করা গেলে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রপ্তানির সুযোগ তৈরি হবে। তিনি আরও জানান, আগে উৎপাদনের পর ২০ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যেত। প্রতিকূল আবহাওয়া বা পচনের প্রকোপ বাড়লে ক্ষতির পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যেত। আধুনিক সংরক্ষণব্যবস্থা সম্প্রসারণের ফলে এই ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে, যার সুফল এখন ভোক্তারা পাচ্ছেন। গত কয়েক বছরে পেঁয়াজের বাজারে অস্থিরতা ছিল নিয়মিত ঘটনা। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের নভেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে বাজার তদারকির দুর্বলতা এবং ব্যবসায়ীদের কারসাজিতে দেশি পেঁয়াজের কেজি প্রথমে ২৪০-২৫০ টাকা হয়। পরে ৩০০ থেকে ৩৫০ টাকায় ওঠে। দেশের কোনো কোনো অঞ্চলে তা ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। একইভাবে ২০২৩ সালেও ভারতীয় রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাবে পেঁয়াজের দাম ২০০ থেকে ২৪০ টাকায় পৌঁছেছিল। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও পণ্যটির দাম পুরোপুরি নাগালে আসেনি। ২০২৪ সালের নভেম্বরে রাজধানীর বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ ১৫৫ থেকে ১৬০ টাকা এবং ২০২৫ সালের নভেম্বরে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সেই তুলনায় বর্তমানে ৪৫ থেকে ৫৫ টাকায় নেমে আসায় ক্রেতার মাঝে স্বস্তি ফিরেছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, বিগত সরকারগুলোর সময় পেঁয়াজের চড়া দামে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছিল। এখন সরকারের যথাযথ উদ্যোগ ও বাজার ব্যবস্থাপনার কারণে প্রতি কেজি পেঁয়াজ সহনীয় দামে বিক্রি হচ্ছে। জনস্বার্থে নেওয়া এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
উৎপাদন ও সংরক্ষণে সরকারের উদ্যোগ : দেশে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে প্রতিবছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিত। এই সংকট কাটাতে কৃষকপর্যায়ে বাতাস চলাচল উপযোগী ‘এয়ার ফ্লো মেশিন’ জনপ্রিয় করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং আরও ৪ হাজার মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় একজন উপকারভোগী কৃষককে ২৭ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে-যার মধ্যে ১৯ হাজার টাকা মেশিন কেনা, ৭ হাজার টাকা মাচা বা উঁচু প্ল্যাটফর্ম তৈরি এবং ১ হাজার টাকা সাইনবোর্ডের জন্য বরাদ্দ। ১৬ জেলার ১০৭টি উপজেলায় এই কার্যক্রম চলছে। এছাড়া প্রায় ৩ হাজার ৯০০ কৃষককে আধুনিক সংরক্ষণ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ মিলিয়ে প্রায় ৫০ হাজার কৃষক ইতোমধ্যে এই প্রযুক্তির আওতায় এসেছেন।
আমদানিনির্ভরতা কমেছে : সংরক্ষণ সক্ষমতা বাড়ায় পেঁয়াজ আমদানির পেছনে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রবণতা বন্ধ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানি করতে হয়েছিল প্রায় ৬ লাখ টন। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন বেড়ে ৪৪ লাখ ৪৮ হাজার টন হলেও আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন।
তবে পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত হওয়ায় ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া বন্ধ রাখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে ২০২৬ সালে বাণিজ্যিকভাবে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। অধিদপ্তরের মহাপরিচালক এম আবদুর রহিম যুগান্তরকে বলেন, দেশে পেঁয়াজ আমদানির আর প্রয়োজন নেই। অফ-সিজনের ঘাটতি মোকাবিলায় ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতার আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফলে সারা বছরই বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে।
বাজার তদারকিতে সরকারের নজরদারি : উৎপাদন ও সংরক্ষণের পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুতদারি ও কারসাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে; অনিয়ম পেলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।