Image description

কাশ্মীরের পথে ট্রেনযাত্রা মানেই চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। বরফে ঢাকা পাহাড়, গভীর উপত্যকা আর পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা রেলপথ! এই যাত্রা যেন ছবির মতো সুন্দর। তার সঙ্গে যদি জুড়ে যায় আধুনিক প্রযুক্তির বিস্ময়, তা হলে অভিজ্ঞতা হয়ে ওঠে আরও রোমাঞ্চকর। সম্প্রতি এমনই এক দৃশ্য নজর কেড়েছে নেটদুনিয়ায়। কাশ্মীরের পথে দেশের প্রথম কেবল-স্টেড রেলসেতু অঞ্জি খাদ সেতু পেরিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের ভিতর থেকে তোলা সেই দৃশ্যের ভিডিও দেখে মুগ্ধ নেটাগরিকদের একাংশের মন্তব্য, ‘এ যেন জাপান!’

সুড়ঙ্গ পেরিয়েই চোখের সামনে বিশাল সেতু

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি আলোকিত সুড়ঙ্গের ভিতর দিয়ে এগিয়ে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই সুড়ঙ্গ ছেড়ে ট্রেনটি উঠে পড়ে অঞ্জি খাদ সেতুর উপর। দু'পাশে গভীর খাদ, দূরে সবুজে মোড়া পাহাড় আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে দ্রুতগতির ট্রেন। জানলার বাইরে এমন দৃশ্য দেখে অনেক যাত্রীকেই মোবাইল ফোনে মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে দেখা যায়।

কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক রেল পরিকাঠামোর এই মেলবন্ধনই ভিডিওটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। পাহাড়ি অঞ্চলে এমন সেতু ও সুড়ঙ্গের মধ্যে দিয়ে ট্রেন চলার অভিজ্ঞতা যাত্রীদের কাছে নিঃসন্দেহে স্মরণীয়।

দেশের প্রথম কেবল-স্টেড রেলসেতু অঞ্জি খাদ

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত অঞ্জি খাদ সেতু ভারতের প্রথম কেবল-স্টেড রেলসেতু। অঞ্জি নদীর গভীর উপত্যকার উপর নির্মিত এই সেতু উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।

সেতুটির নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশেষ কেবল-স্টেড প্রযুক্তি। এতে একটি উঁচু পাইলনের সঙ্গে যুক্ত একাধিক শক্তিশালী তার সেতুর মূল কাঠামোকে ধরে রাখে। ফলে গভীর উপত্যকা ও দুর্গম পাহাড়ি এলাকায় রেলপথ তৈরি করা সম্ভব হয়েছে।

প্রায় ৭২৫ মিটার দীর্ঘ এই সেতুর মূল অংশটি প্রায় ৪৭৩ মিটার। এর প্রধান পাইলনের উচ্চতা নদীর তলদেশ থেকে প্রায় ১৯৩ মিটার। পাহাড়ি ভূপ্রকৃতি, ভূমিকম্পের আশঙ্কা এবং প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই রেলসেতু।

কাশ্মীরের রেলযাত্রায় নতুন আকর্ষণ

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের উদ্দেশ্য কাশ্মীর উপত্যকাকে দেশের অন্য অংশের সঙ্গে রেলপথে আরও ভালো ভাবে যুক্ত করা। এই প্রকল্পের অন্যতম উল্লেখযোগ্য অংশ চেনাব রেলসেতু এবং অঞ্জি খাদ সেতু। দুটি সেতুই ভারতের রেল পরিকাঠামোয় উল্লেখযোগ্য সংযোজন।

বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কাশ্মীরের রেলযাত্রা আরও আধুনিক ও আকর্ষণীয় হয়ে উঠেছে। একদিকে যাত্রীদের আরামদায়ক সফর, অন্য দিকে জানলার বাইরে বরফঢাকা পাহাড়, সবুজ উপত্যকা এবং অসাধারণ সব ইঞ্জিনিয়ারিং কীর্তি—সব মিলিয়ে এই রুট এখন পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র।

কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা থাকলে তাই শুধু গন্তব্য নয়, রেলযাত্রাটিকেও অভিজ্ঞতার অংশ করে রাখতে পারেন। কারণ এই পথে কখনও প্রকৃতির সৌন্দর্য, কখনও মানুষের প্রযুক্তিগত দক্ষতা দু'য়েরই দেখা মেলে।