Image description
রামপাল ও পায়রা

দেশের দুই বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র-বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি বা রামপাল এবং বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বা পায়রা বিদ্যুৎকেন্দ্র। এর মধ্যে ২০২০ সালের ৮ ডিসেম্বর পায়রার এবং ২০২৪ সালের ১২ মার্চ রামপালের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের প্রায় ৬ বছর পর পায়রা এবং ২০ মাস পর রামপালের বিদ্যুৎ বিক্রি বা ট্যারিফ প্রস্তাব বুধবার অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, রামপালের প্রতি ইউনিট বিদ্যুৎ (বর্তমান দাম অনুযায়ী) ১১ টাকা ৩৫ পয়সা (তবে চুক্তির সময় অনুযায়ী ৮ দশমিক ১৬৪৮ মার্কিন সেন্ট) এবং পায়রার কাছ থেকে প্রতি ইউনিট ১১ টাকা ৫০ পয়সা (চুক্তির সময় অনুযায়ী ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট) দিয়ে কিনবে সরকার। আপাতদৃষ্টিতে এই দাম ভারতের আদানি এবং এস আলম গ্রুপের এসএস পাওয়ার কয়লাভিত্তিক কেন্দ্র থেকে কম। ওই দুই কেন্দ্রের মধ্যে আদানি থেকে প্রতি ইউনিট ১৪ টাকা এবং এসএস পাওয়ার থেকে ১২ টাকার বেশি দামে বিদ্যুৎ কেনে সরকার। কেননা ক্রয়সংক্রান্ত অনুমোদন পাওয়া বিদ্যুতের এই দাম চীন ও ভারতের কোনো কোম্পানি মেনে নেয়নি। রামপাল কেন্দ্রের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, তাদের ট্যারিফ বা বিদ্যুৎ বিক্রির মূল্য কত অনুমোদন করা হয়েছে, তা তারা জানেনই না (২৬ নভেম্বর পর্যন্ত)।

পিডিবি এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ৫/৬ বছর এ দুই কেন্দ্রের ট্যারিফ নির্ধারণ ঝুলে আছে। এ কারণে অর্থ মন্ত্রণালয় থেকে ভর্তুকি পেতে সমস্যা হচ্ছে বিদ্যুৎ বিভাগের। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় থেকে ২১ সেপ্টেম্বর চিঠিও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। তাই আপাতত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ধরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় দুই কেন্দ্রের ট্যারিফ অনুমোদন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিটি ১ হাজার ৩২০ মেগাওয়াটের এই দুই কেন্দ্রের বিদ্যুৎ কিনতে সরকারকে ২৫ বছরে ব্যয় করতে হবে ৬ লাখ ৬০ হাজার কোটি টাকা। বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগসহ বিভিন্ন কারণে সরকারি হিসাবে ভারত ও চীনের ওই দুই কোম্পানির কাছ থেকে আরও কম ট্যারিফ নির্ধারণের সুপারিশ করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির বিশেষজ্ঞ কমিটি। কিন্তু তাদের সুপারিশ মানেনি চীন ও ভারতের ওই দুই কোম্পানি। তাই বেশি দামে দুই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে।

পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ভারত ও চীনের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলাপ করে আপাতত ওই দুই কেন্দ্রের বিদ্যুতের দাম অনুমোদন করা হয়েছে। পরবর্তী সময়ে এই দাম আবারও কমানোর জন্য চেষ্টা করবে পিডিবি। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, দেশের অন্যতম আলোচিত কেন্দ্র রামপাল। আওয়ামী সরকারের আমলে ২০১২ সালের ২৯ জানুয়ারি ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র বসাতে পিডিবির সঙ্গে ৫০ শতাংশ করে শেয়ার নিয়ে ভারতের এনটিপিসির সঙ্গে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করা হয়। ২০১৬ সালের ২০ এপ্রিল এই কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। এই প্রকল্পে এ পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে ১ দশমিক ৮৭০ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারতের এক্সিম ব্যাংক ঋণ দিয়েছে ১ দশমিক ৫৮৫ বিলিয়ন ডলার।

একাধিক সূত্র জানিয়েছে, পিডিবি যৌথ বিনিয়োগের এই কেন্দ্র থেকে কত দামে বিদ্যুৎ কিনতে পারে, তা নির্ধারণ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় ২০২৫ সালের ২৩ নভেম্বর। ওই কমিটি জানিয়েছে, প্রতিবছর ১২ শতাংশ করে বিনিয়োগ উসুল ধরে (আরওই) এই কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের আগ পর্যন্ত প্রতি ইউনিট ৭ দশমিক ৮৪৯৪ সেন্ট এবং বাণিজ্যিক উৎপাদনের পর থেকে প্রতি ইউনিট মূল্য ৭ দশমিক ৭২৯০ সেন্ট হতে পারে। কিন্তু এনটিপিসি সেই ট্যারিফ মেনে নেয়নি। তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ী বিদ্যুতের দাম নির্ধারণের তাগাদা দেয়। এ ব্যাপারে ২০২৫ সালের ১১ মার্চ একটি সমঝোতা কমিটি গঠন করা হয়। সেই কমিটি রামপালের বিদ্যুতের যৌক্তিক দাম বারবার নির্ধারণের জন্য বললেও এনটিপিসি এবং ভারতের এক্সিম ব্যাংক ট্যারিফ কমাতে সম্মত হয়নি বলে জানিয়েছে পিডিবি। পরে ৯ এপ্রিল পিডিবির বোর্ড সভায় (২১২৯তম বোর্ড) বাণিজ্যিক উৎপাদন পরবর্তী সময়ের জন্য রামপাল কেন্দ্রের বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৮ দশমিক ১৬৪৮ সেন্ট অনুমোদন করে। পিপিএ অনুযায়ী রামপাল ২০২৪ সালের ১২ মার্চ থেকে আগামী ২৫ বছর অর্থাৎ ২০৪৯ সাল পর্যন্ত চলবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রামপাল কেন্দ্রের রিটার্ন অন ইকুইটি (আরওই) এখন ধরা হয়েছে ১৮ শতাংশ এবং হিট রেট হচ্ছে ২ হাজার ৩৭৪ কিলোক্যালোরিস। সে হিসাবে এই কেন্দ্র থেকে এখন প্রতি ইউনিট ১১ দশমিক ৩৫ টাকায় বিদ্যুৎ কিনবে সরকার। তবে বিদ্যুৎ বিভাগ এ কেন্দ্রের বিদ্যুতের দাম কমাতে আবারও উদ্যোগ নেবে বলে জানা গেছে। এ কেন্দ্র থেকে ২৫ বছর ধরে বিদ্যুৎ কিনতে সরকারকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ব্যয় করতে হতে পারে।

পায়রা কেন্দ্র : দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্র পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট কেন্দ্র। চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট ও এক্সপোর্ট করপোরেশন-সিএমসি এবং সরকারি প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি-এনডব্লিউপিজিসিএল ৫০ শতাংশ করে মালিকানা নিয়ে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড গঠন করা হয় ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর। এ কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে পিডিবির সঙ্গে পিপিএ স্বাক্ষর হয় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর। সিএমসি দেখিয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াটের এই কেন্দ্র বসাতে বিনিয়োগ হয়েছে ২৪০ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ৩৯৩ ডলার। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি এই কেন্দ্র থেকে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট নির্ধারণের সুপারিশ করে। কিন্তু চীনের সিএমসি এই দাম মেনে নেয়নি। তারা আরও বেশি দাম চেয়েছে পিডিবির কাছে। এ কেন্দ্রের বিদ্যুতের দাম কমাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীন সরকারের হস্তক্ষেপ কামনা করে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চীন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ কারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ৯ এপ্রিল পিডিবির বোর্ড প্রতি ইউনিট ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট (যা বর্তমান দাম হবে ১১ টাকা ৫০ পয়সা) পায়রা কেন্দ্রের বিদ্যুতের দাম অনুমোদন করে। এ ট্যারিফ বা শুল্ক নির্ধারণে ১৬ শতাংশ আরওই এবং হিট রেট ধরা হয়েছে ২ হাজার ৩০০ ক্যালোরিস। ২৫ বছর ধরে এই কেন্দ্রের মেয়াদ বা আয়ু ধরা হয়েছে ২০৪৫ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ বছর ধরে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকারকে ব্যয় করতে হবে আনুমানিক ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (বর্তমান দাম অনুযায়ী)। পিডিবি জানিয়েছে, এই কেন্দ্র থেকে আরও কম দামে বিদ্যুৎ পাওয়া সম্ভব। পায়রার বিদ্যুতের দাম কমাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।