মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ‘খুনির বাড়ি’ উল্লেখ করে ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে বিক্ষোভ করেছেন একদল বিক্ষুব্ধ ব্যক্তি ও গুমের শিকার পরিবারগুলোর সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে নগরের বৈদ্যপাড়া এলাকায় ওই ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বাড়ির সামনে উপস্থিত হয়ে নিখোঁজ দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, র্যাবে কর্মরত থাকাকালে জিয়াউল আহসান বহু মানুষকে গুম ও গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারিক প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে ধরে বিক্ষোভকারীরা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে ভবনের ফটকে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। এছাড়া ভবনের পূর্ববর্তী নাম মুছে ফেলা এবং গুম ও নিহত ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানার প্রদর্শনের কথা জানান স্থানীয় লোকজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে ওই বাড়িতে ভাঙচুর ও নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই বাড়িতে বসবাসরত জিয়াউল আহসানের স্বজনেরা আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে।