Image description

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান চালু রাখলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে টাকাপয়সা লুট করে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ব্যাংকের শাখাগুলোরও একই অবস্থা। যেকারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিতে পারছেনা। আবার দোকানপাট খোলা রাখলে মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ সব কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং সেবা, সাধারণ ব্যাংকি সেবা, চিকিৎসা সেবাসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত কর্মকর্তা ও ব্যবসায়ীরা। 

রাশেদ খান লেখেন, থানা ও হাসপাতাল পুড়িয়ে ছাই করে দিয়েছে। এক্ষেত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত ও তাদের রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না করলে পরিস্থিতি সহসাই স্বাভাবিক হওয়া কঠিন। 

তিনি আরও লেখেন, সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে। নতুবা রাষ্ট্রের টাকা ব্যায় করে সবকিছু সংস্কার করতে গেলে দেখা যাচ্ছে, তারা আবারও পুড়িয়ে দিচ্ছে।