নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা চাকরিতে যোগ দেন ২০০১ সালের জুলাইয়ে। এরপর পেরিয়ে গেছে ২৩ বছর ৭ মাস। অথচ এই দীর্ঘ কর্মজীবনের ৯ বছর ৭ মাসের বেশি সময় কেটেছে তার ছুটিতে। তবে কর্মদিবস ধরে হিসাব করলে প্রায় ১৮ বছরই ছিলেন বিদ্যালয়ের বাইরে। কখনো চিকিৎসা, কখনো প্রশিক্ষণ, কখনো বিনা বেতন, কখনো অর্ধবেতন, আবার কখনো মাতৃত্বকালীন ছুটি—নানা অজুহাতে ক্লাসে অনুপস্থিত ছিলেন তিনি। ছুটির হিসাব নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। ছুটি কাটালেও ক্ষমতার প্রভাব খাটিয়ে ২ হাজার ১৯৬ দিনের অর্থাৎ ছয় বছরের তথ্য সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত হতে দেননি। এমনকি ছুটি মঞ্জুর না করায় সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে নিজের ক্ষমতাধর বাবাকে দিয়ে হেনস্তা করেছেন।
তার এ ঔদ্ধত্যপূর্ণ আচরণে শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অনেকেই ভয়ে তটস্থ থাকতেন। খোদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, ওই শিক্ষিকার সার্ভিস বই ও বিদ্যালয়ের উপস্থিতির হাজিরা খাতার তথ্য বিশ্লেষণ করে মিলেছে এমন ভয়ংকর তথ্য। তার এই দীর্ঘ ছুটির কথা শুনে হতবাক সংশ্লিষ্ট অনেকেই। কীভাবে তিনি এত ছুটি পেলেন তা নিয়ে তারা প্রশ্নও তুলেছেন।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রাবেয়া সুলতানা যোগদানের পর ২০০১-এর ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ বছর ৭ মাস কর্মকালে ২৯ দফায় ছুটি ভোগ করেন ৩ হাজার ৪৮৩ দিন। বছর ধরে হিসাব করলে তিনি ৯ বছর ৬ মাস ১৮ দিন তিনি ছুটিতে ছিলেন। প্রশিক্ষণ, চিকিৎসা, মাতৃত্বকালীন ছুটিসহ নানা অজুহাতে সর্বনিম্ন ১২ দিন থেকে সর্বোচ্চ টানা ২৫১ দিন ছুটি নেওয়ার রেকর্ড রয়েছে তার। অবশ্য অর্ধবেতন ও বিনা বেতনেও ছুটি নিয়েছেন তিনি। তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি বাদ দিলে বছরে ১৯৪ দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকে। শিক্ষক রাবেয়া সুলতানার ভোগকৃত ছুটির সঙ্গে কর্মদিবসের তুলনা করলে প্রায় ১৮ বছরই তিনি ছুটিতে ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, একজন শিক্ষক বা কর্মকর্তার দীর্ঘদিন এভাবে চিকিৎসা ছুটিতে থাকার নিয়ম নেই। কেউ যদি টানা তিন মাস ছুটিতে থাকেন, তাহলে তাকে সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য সনদ জোগাড় করতে হয়। স্বাস্থ্য সনদ পজিটিভ না হলে যোগদান করতে বলা হয়। আর দীর্ঘদিন অসুস্থ থাকলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন অসুস্থতা দেখিয়ে ছুটি নিলেও আদৌ অসুস্থ ছিলেন না তিনি। তার স্বামী ঢাকার একটি কোম্পানিতে বেসরকারি চাকরি করেন। সেই সুবাদে ঢাকায় বেশিরভাগ সময় থাকতেন তিনি। এজন্য মেডিকেল সনদ দেখিয়ে ছুটি নিতেন। পরে তাকে জেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে স্বাস্থ্য সনদ আনতে বললে নানাভাবে গড়িমসি শুরু করেন। এ ছাড়া তার বাবা আবুল কাশেম (জি এস কাশেম) ওইসময় স্থানীয় আওয়ামী লীগের (বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তাদের পরিবারেরও ভালো অবস্থান ছিল। সেই সুবাদে নানাভাবে ম্যানেজ করে এসব ছুটি নিতেন তিনি।
ছুটি নিলেও সার্ভিস বইয়ে নথিভুক্ত হয়নি সরকারি চাকরিজীবীদের চাকরিতে যোগদান থেকে অবসর পর্যন্ত যাবতীয় তথ্য সংগ্রহের জন্য সবার নামে আলাদা সার্ভিস বই থাকে। এতে পদোন্নতি, বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), বদলি, অর্জিত ছুটিসহ সব ধরনের ছুটির হিসাব লিপিবদ্ধ করা হয়। কিন্তু শিক্ষক রাবেয়া সুলতানার ৩ হাজার ৪৮৩ দিন ছুটির মধ্যে ২ হাজার ১৯৬ দিনের হিসাব তার ব্যক্তিগত সার্ভিস বইয়ে নথিভুক্ত নেই। বছর হিসাব করলে তা ৬ বছর ৬ দিন।
তথ্য ঘেঁটে দেখা যায়, ২০০৫ সালের ৩ ডিসেম্বর থেকে একই বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত ২৭ দিন, ২০১৮ সালের ২৩ জুন থেকে ২০১৯ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত টানা ২০৯ দিন চিকিৎসা ছুটিতে থাকলেও, তা সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত হয়নি। শুধু এই দুইবার নয়, এভাবে আরও ১৯ দফায় তিনি ২ হাজার ১৯৬ দিন ছুটি কাটিয়েছেন; যা তার সার্ভিস বইয়ে উল্লেখ নেই।
তথ্য আরও বলছে, মাতৃত্ব ছুটি বাবদ ভোগকৃত ৩০৩ দিন, প্রশিক্ষণ বাবদ ভোগকৃত ১২১৮ দিনের মধ্যে ৮৫৩ দিন এবং চিকিৎসা ছুটি বাবত ভোগকৃত ১৯৬২ দিনের মধ্যে ১ হাজার ৪০ দিন ছুটি তার সার্ভিস বইতে এন্ট্রি হয়নি।
কয়েকজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ছুটি সার্ভিস বুক ও আইব্যাসে নথিভুক্ত না হওয়া বড় ধরনের জালিয়াতি। অনেক সময় শিক্ষক কিংবা কোনো কর্মকর্তা সার্ভিস বুক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত করে এ জালিয়াতি করেন। তবে এটা কোনোভাবেই ঠিক নয়।
নোয়াখালী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা জানান, রাবেয়া সুলতানার বাবা ওইসময় স্থানীয় রাজনীতিতে জড়িত থাকায় ভয়ে কেউ কথা বলতেন না। ছুটি না দিলে তিনি কর্মকর্তাদের নানাভাবে ভয় দেখাতেন, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিতও করতেন। এ ছাড়াও কর্মকর্তাদের নানাভাবে ম্যানেজ করে তিনি ছুটির তথ্য সার্ভিস বইয়ে তুলতে দিতেন না।
ছুটি না দেওয়ায় শিক্ষা অফিসারকে হেনস্তা এত ছুটি ভোগ করায় আর ছুটি দিতে আপত্তি প্রকাশ করায় শিক্ষা অফিসারকে হেনস্তাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন শিক্ষক রাবেয়া সুলতানা। তথ্যমতে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাবেয়া সুলতানা
অননুমোদিত ছুটি ভোগ করেন। পরে ওই চার দিনের নৈমিত্তিক ছুটি অনুমোদনের জন্য তার বাবাকে নিয়ে নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসে আসেন। ছুটি অনুমোদনের বিষয়ে কথোপকথনের একপর্যায়ে তার উপস্থিতিতে তার বাবা সহকারী শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিবকে হেনস্তা করেন। পরে শিক্ষা অফিসার রাজিব এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি এ ঘটনার সত্যতা পায়। রাবেয়ার বাবাও ওই শিক্ষা অফিসারের কাছে ক্ষমা চান।
ওই উপজেলার আরেক শিক্ষা কর্মকর্তা বলেন, রাবেয়া সুলতানা শুধু শিক্ষা অফিসার রাজিবকে হেনস্তা করেননি। এর আগেও অনেক শিক্ষা কর্মকর্তা ও তিনি যে বিদ্যালয়ে চাকরি করতেন, সেই বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডা ও বিবাদে জড়িয়েছেন। তিনি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার ভয়ে তার সঙ্গে কথা বলতেন না কেউ।
তদন্তেও মিলল এসব ঘটনার প্রমাণ রাবেয়া সুলতানার বিরুদ্ধে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, অননুমোদিত অনুপস্থিতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসাদাচরণসহ বিভিন্ন অনিয়মের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলার তৎকালীন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিবের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। পরে নোয়াখালী সদর উপজেলার তৎকালীন শিক্ষা অফিসার মো. টিপু সুলতান খান ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেন। এতে উঠে আসে তার নানা অনিয়মের চিত্র।
প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, শিক্ষক রাবেয়া সুলতানার বাবা শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিবের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন আচরণ করেন এমন প্রমাণ পাওয়া যায়। অননুমোদিত অনুপস্থিতি এবং বিভিন্ন সময়ে তার ভোগকৃত ছুটিগুলো সার্ভিস বইতে এন্ট্রির বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করে এই কমিটি।
এত অনিয়মের ‘শাস্তি’ ঢাকায় পদায়ন চাকরিজীবনে নানা গাফিলতি ও অনিয়মে জড়িত থাকার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উল্টো রাবেয়া সুলতানাকে ডেপুটেশনে ঢাকায় পদায়ন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষক রাবেয়া সুলতানার বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের তদন্তে ছুটি ও শিক্ষা কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণ হওয়ার পরও ২০২৫ সালে তাকে এক বছরে জন্য ডেপুটেশনে ঢাকার খিলগাঁওয়ের পূর্ব খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়। সম্প্রতি তার এ সংযুক্তির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়।
অভিযোগ রয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ১৫ লাখ টাকার বিনিময়ে ঢাকায় পদায়ন নিয়েছেন তিনি। যাতে স্বামীর সঙ্গে রাজধানীতে থাকতে পারেন। এ ছাড়া সম্প্রতি ডেপুটেশনের মেয়াদ বাড়ানোর জন্যও আরেক দফা টাকা খরচ করেছেন।
সংশ্লিষ্টরা যা বলছেন সার্বিক বিষয়ে জানতে শিক্ষক রাবেয়া সুলতানার মোবাইল ফোনে (০১৭১৬....৬১) যোগাযোগ করলে তিনি প্রশ্ন শুনে ফোন কেটে দেন। পরে আবারও ফোন করা হলে তিনি নম্বরটি সঠিক নয় বলে ফোন কেটে দেন।
নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার এ এস এম এহসান কবীর বলেন, ‘আমি সম্প্রতি ওই উপজেলায় যোগদান করেছি। আমার আসার আগেই তিনি ঢাকায় চলে গেছেন। তবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে নথিপত্র ঘেঁটে দেখেছি তা সঠিক। তার বিরুদ্ধে তদন্ত চলছে। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, ‘রাবেয়া সুলতানার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তাকে এরই মধ্যে শোকজ করা হয়েছে। এত অনিয়মের পর ঢাকায় পদায়ন কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে ঢাকায় ডেপুটেশনে পদায়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কীভাবে পদায়ন করা হয়েছে, তা অধিদপ্তরই বলতে পারবে।’
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কোনোভাবেই এত ছুটি নিতে পারেন না। সবেতন, বিনাবেতন কিংবা মাতৃত্বকালীন—সব ক্যাটাগরি মিলালেই চাকরি জীবনে এত ছুটি নেওয়ার বিধান নেই। নিশ্চয়ই ছুটি দেওয়ার জন্য নানা অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চতর পর্যায়ের তদন্ত হওয়া উচিত।’