Image description

ডলারসংকটের কারণে বাজারে আরও অস্থিরতা তৈরি হয়েছে বৈদেশিক লেনদেনে। সরাসরি বিনিয়োগ কমা, রপ্তানি বাণিজ্য তলানিতে নামায় বাজারে চাহিদামতো ডলার পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের দর বাড়ার পাশাপাশি খোলা বাজারেও বেড়েছে দাম। খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকায়; যা দুই সপ্তাহ আগে ছিল ১২৮ থেকে ১২৯ টাকা। গতকাল ঢাকার কোথাও ১৩০ টাকার নিচে ডলার পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে ব্যাংকগুলোয় এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁরা চাহিদামতো এলসি খুলতে পারছেন না। এলসি খোলার পর ডলারের দর আরও বেড়ে যাচ্ছে। এতে পণ্য আনতে গচ্চা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এলসি খোলার ক্ষেত্রে ডলারের কোনো সংকট নেই। ব্যবসায়ীদের চাহিদামতো ডলার দেওয়া হবে। ব্যাংকাররা বলছেন, ডলারের বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত না থাকায় বাজারে এ চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটাতে ব্যাংকগুলোর বাড়তি ডলার প্রয়োজন হচ্ছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) সূত্রে জানা গেছে, ৫৪টি সদস্য ব্যাংক ভিন্ন ভিন্ন দরে ১২৫ থেকে ১২৮ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও ব্যাংকিং চ্যানেলে ১২৫ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রির কথা জানিয়েছে। তবে চ্যানেলের বাইরে ১২৮ টাকার বেশি দরে বিক্রির তথ্য পাওয়া গেছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে ডলারের গড় বিনিময়হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা। চলতি সপ্তাহের শুরুতে একাধিক বেসরকারি ব্যাংক আমদানির ঋণপত্রের (এলসি) বিল পরিশোধে ডলারের দর নিয়েছে ১২৬-১২৭ টাকা। গতকাল এ দর ছিল ১২৮ থেকে ১২৯ টাকা। ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় একাধিকবার বাংলাদেশ ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এসব বিক্রিতে ১২৪.৭৫ থেকে ১২৪.৯৯ টাকা, ১২৪.২৫ টাকা ও ১২৩.৭৫ টাকা দরে ডলার বিক্রি করা হয়। এর পরও বাজার নিয়ন্ত্রণে আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১২ নভেম্বর ডলারের স্পট রেফারেন্স রেট ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। আগের দিন ১১ নভেম্বর এ হার ছিল ১২৪ টাকা ৬৩ পয়সা। এক মাস আগে আন্তব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৩ টাকা ২৮ পয়সা। ফলে অল্প সময়ের ব্যবধানে ডলারের দর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির পরও বাজারে চাপ পুরোপুরি কমেনি। রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর ডলার বিক্রির দর ১২৫ টাকার নিচে নেমে আসে। তবে পরদিন আবারও কেন্দ্রীয় ব্যাংককে ডলার বিক্রি করতে হয়েছে।

জ্বালানি তেল ও এলএনজি আমদানির জন্য ব্যাংকগুলোকে আগের তুলনায় বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। ভোগ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ছে। রমজান মাস সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে প্রতিদিন। এতে বৈদেশিক মুদ্রার চাহিদাও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানির ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। ফলে আমদানি ও রপ্তানি আয়ের ব্যবধান আরও বড় হয়েছে। ওই সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৭১ কোটি ডলার। খোলা বাজারে ব্যাংকিং চ্যানেলের তুলনায় ডলারের দাম ৩ থেকে ৪ টাকা বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য ডলার কিনতে গিয়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কার্ব মার্কেটের ডলারের দর দিয়ে বাস্তব অবস্থা বোঝা যাবে না। চলতি মাসের শুরুতে কিছুটা সংকট তৈরি হয়েছিল। সেটা ধরে কার্ব মার্কেট (খোলা বাজার) ডলার দর নিয়ে ব্যবসা করছে। ব্যাংকিং খাতে এখন কোনো সংকট নেই। আমরা ব্যবসায়ী, ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছি। সবাইকে বলেছি এলসি খুলতে কোনো সমস্যা হবে না। রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানি পত্রের পেমেন্ট বাংলাদেশ ব্যাংক দেবে। চাহিদামতো সবাই পাবেন। এলসি সেটেলমেন্টে কোনো সমস্যা হবে না। খোলা বাজারে অতিরিক্ত দর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

জানতে চাইলে বিশিষ্ট ব্যাংকার, এবি ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘সম্প্রতি বাজারে ডলারের চাহিদা বেড়েছে। রেমিট্যান্স বাড়লেও রপ্তানি কমেছে। একই সঙ্গে আমদানি অনেক বেড়েছে। এর কারণে ডলার খোলা বাজারে বেশি দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিচ্ছে। হয়তো স্বাভাবিক হতে পারে।’