Image description
শ্রমশক্তি রপ্তানি

প্রতারণার দায়ে ২০১৯ সালে লামিয়া রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এরপরও লামিয়া রিক্রুটিং এজেন্সির প্রতারণা থেমে নেই। নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলেছে শত শত মানুষকে। বীরদর্পে প্রতারণা করছেন লামিয়া রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান শফিকুর রহমান ও তার স্ত্রী শাহনাজ পারভীন (সানু)। এই দম্পতির ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন প্রবাসীরা।

জানা গেছে, তিন মাসের ভ্রমণ ভিসায় হাজার হাজার মানুষকে সৌদিতে পাঠিয়েছে লামিয়া রিক্রুটিং এজেন্সি। সপ্তাহে ৫ দিন ফ্লাইট থাকে এই এজেন্সির। প্রতিটি ফ্লাইটে তারা কমপক্ষে ১২ জনকে সৌদি আরবে পাঠায়। কিছু ফ্লাইটে ২৬ জনকে পাঠানোরও রেকর্ড রয়েছে। এভাবে প্রতিমাসে কমবেশি ২৪০ জনের মতো মানুষকে সৌদি আরবে পাঠায় লামিয়া এজেন্সি। সে হিসেবে বছরে তাদের মাধ্যমে সৌদি আরব গেছে ২ হাজার ৮৮০ জন। প্রত্যেকের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা করে নেওয়া হয়। সেই হিসাবে বছরে ১০৩ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন করে লামিয়া এজেন্সি।

২৭ বছর ধরে রেমিট্যান্স যোদ্ধাদের সেবা দেওয়ার কথা বলে প্রতারণা করছে লামিয়া রিক্রুটিং এজেন্সি। সৌদির বড় বড় কোম্পানির নাম ব্যবহার করে প্রতি মাসে ১৮শ রিয়াল বেতনের প্রলোভন দেখানো হয় দেশীয় যুবকদের। ৩ লাখ ৬০ হাজার টাকার ভ্রমণ ভিসায় রিক্রুটিং এজেন্সি জনশক্তি রপ্তানি করছে, মূলত সেই ভিসায় মানুষকে যেতে সর্বোচ্চ ৬০ হাজার টাকার মতো খরচ হয়। প্রত্যেকের কাছ থেকে ৩ লাখ টাকা করে বেশি করে নিচ্ছে রিক্রুটিং এজেন্সিটি।

জানা গেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) লামিয়া রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে লাইসেন্স বাতিলের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে ২০১৯ সালে লামিয়ার লাইসেন্স বাতিল করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন করে আরেকটি লাইসেন্সের মাধ্যমে প্রতারণা করছে লামিয়া রিক্রুটিং এজেন্সি।

সরেজমিন দেখা গেছে, পূর্ব রামপুরা ডিআইটি রোডের ১৭ নম্বর ভবনের ৪র্থ তলায় লামিয়া রিক্রুটিং এজেন্সির অফিস। এর পাশাপাশি সেখানে রয়েছে অনলাইন পত্রিকার অফিস, লামিয়া রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড ও লামিয়া ল কনসালটেন্সি ফার্মের অফিস। এজেন্সির অফিসে যেন ভূতুড়ে পরিবেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদিতে জনশক্তি রপ্তানির নামে পদে পদে মানুষকে বিপদে ফেলছে লামিয়া। মিথ্যা আশ্বাসে প্রতিনিয়ত ফেসবুকে চটকদার বিজ্ঞাপন ও মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করছে। সৌদির নামিদামি কোম্পানিতে কাজ দেওয়ার আশ্বাসে অসংখ্য মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে চলছে। প্রত্যেকের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা করে নিয়ে সৌদি আরবের দালালের কাছে শ্রমিকদের তুলে দিচ্ছে লামিয়া রিক্রুটিং এজেন্সি। সৌদির দালাল কাজের আকামা দেওয়ার কথা বলে আরেক ধাপে দেড় লাখ টাকা করে নিয়ে হচ্ছে লাপাত্তা। এভাবে প্রতারণা করে সৌদির শ্রমবাজার ধ্বংস করা হচ্ছে।

জানা গেছে, মানুষকে আকৃষ্ট করতে নিয়োগপত্রে সৌদির নামিদামি কোম্পানি আল-ফাহাদ, সাভোলা গ্রুপ, অ্যারাবিয়ান ফুড ইন্ডাস্ট্রিজ, বিন লাদিন গ্রুপ এবং আলমারাই কোম্পানির নাম কথা বলা হয়েছে। বেতন-ভাতা এবং কর্মঘণ্টার ক্ষেত্রে প্রবাসী কর্মীদের প্রলোভন দেখানো হয়। দেশ থেকে সৌদিতে যাওয়ার পর এসব কোম্পানিতে নিয়োগ দেওয়া দূরের কথা, লামিয়া রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কবজায় নতুন করে পড়েন প্রবাসীরা। লামিয়া এজেন্সির দালাল জহির প্রবাসীদের আকামা দেওয়ার কথা বলে আরেক দফা কয়েক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়।

লামিয়া রিক্রুট এজেন্সির মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার টাকা খরচ করে সৌদিতে গিয়ে বিপদে পড়েছেন মো. শাহীন রানা। তার নিয়োগপত্রে সৌদি আরবে পৌঁছানোর পর ১৫ থেকে ৬০ দিনের মধ্যে কাজে যোগদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। দীর্ঘ সময় বসিয়ে রাখলে তাকে আকামা দেওয়া হয়নি। কাজ পেতে জটিলতা তৈরি হলে অসহায় অবস্থায় পড়েন শাহীন রানা। পরবর্তী আকামার জন্য লামিয়া এজেন্সির দালাল জহিরকে ১ লাখ ২০ হাজার টাকা দেন শাহীন রানা। এরপরও আকামা দেওয়া হয়নি শাহীন রানাকে। লামিয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদিতে গিয়ে শাহীন রানার চেয়েও বেশি বিপদে পড়েন সাইফুল ইসলাম। ধাপে ধাপে সাইফুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে, এরপরও সৌদিতে গিয়ে কাজ মেলেনি তার। বাধ্য হয়ে, দেশে ফিরতে হয়েছে সাইফুল ইসলামকে। আরেকজন ইমরান হোসাইন লামিয়ার মাধ্যমে সৌদিতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েন। ইমরান হোসাইন অন্যায়ের প্রতিবাদ করায় লামিয়া এজেন্সির দালাল জহির হোসেন তাকে মারাধর করেন। শাহীন রানা ও ইমরান হোসাইনের মেতো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অর্থ খুইয়েছেন আল-আমিন, সোহেল, রফিকুল ইসলাম, ফারুক, ইউসুফসহ অসংখ্য মানুষ।

প্রবাসী শাহীন রানা কালবেলাকে বলেন, লামিয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদিতে এসে বিপদে পড়েছেন। আকামা দেওয়ার কথা থাকলেও আকামা দেয়নি। উল্টো দালাল তার কাছ থেকে ৩ হাজার রিয়াল নিয়েছে। লামিয়ার মাধ্যমে যারা সৌদিতে এসেছেন তারা প্রত্যেকে বিপদে পড়েছেন। যে ঘরে দু-তিনজন থাকার মতো অবস্থা, সেখানে ২০ থেকে ২৫ জন রাখা হয়। সৌদি আরবে প্রতিষ্ঠানের দালাল জহির হোসেন আমাদের ওপর নির্যাতন চালায় নিয়মিত।

ইমরান হোসাইন কালবেলাকে বলেন, লামিয়া এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়েছেন, সৌদির যেসব নামিদামি কোম্পানিতে কাজ দেওয়ার কথা ছিল, তা দিতে পারেনি। বাধ্য হয়ে আকামা ছাড়াই লামিয়ার খপ্পর থেকে বেরিয়ে এসে জীবন বাঁচার জন্য যত্রতত্র কাজ করছেন।

জলিল নামে আরেক প্রবাসী কালবেলাকে বলেন, ওই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদিতে এসে বিপদে পড়েছি। সৌদিতে আকামার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেও দেয়নি। এক রুমের ভেতরে দুজন থাকার কথা বলেছিল। এখন এখানে এক রুমে আমাদের ২০ থেকে ২৫ জনকে গাদাগাদি করে রাখা হয়েছে। রিক্রুটিং এজেন্সির অনেক দালাল সৌদিতে কাজ করে। তিনি যে দালালের খপ্পরে পড়েছিলেন তার নাম কামাল। দুই মাস বসে থাকার পরও কোনো কাজ না পেয়ে নিজেই নিজের কাজের ব্যবস্থা করেন প্রবাসী জলিল।

লামিয়া রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা: সৌদিতে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে ‘লামিয়া রিক্রুটিং এজেন্সি’র বিরুদ্ধে গাজীপুরের আদালতে মামলার আবেদন হয়েছে। আসামি করা হয়েছে এজেন্সির চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং তার স্ত্রী এজেন্সির পরিচালক শাহনাজ পারভীন সানুকেও। সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ এই আরজি দাখিল করেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, সৌদি আরবে পাঠানোর আশ্বাস দিয়ে এবং আকামাসহ অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ, ব্যাংক ও বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে বাদীকে আর বিদেশে পাঠানো হয়নি। উল্টো পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন।

স্ট্যাম্পে মরণফাঁদ: সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আকামা ও স্পন্সরশিপের নিয়ম অত্যন্ত কঠোর। কোনো কর্মী নির্দিষ্ট কফিলের কাছ থেকে সরে গেলে বা আইন ভঙ্গ করলে তিনি পলাতক হিসেবে গণ্য হতে পারেন—যার আইনি ও আর্থিক দায়ভার কর্মীর ওপরই বর্তায়, অথচ স্ট্যাম্পে কৌশলে এজেন্সিকে দায়মুক্ত রাখা হয়েছে।

লামিয়া রিক্রুটিং এজেন্সির শাহনাজ পারভীন (সানু) বলেন, ‘আমরা শুধু সৌদি আরবে কাজ করি। সৌদিতে সরাসরি কোম্পানিতে কাজের জন্য লোক পাঠানো হয়। যেসব এজেন্সি সাপ্লাইয়ের কাজ করে তারা প্রবাসীদের আকামা করে দিতে পারে না। সৌদিতে গিয়ে বিপদে পড়েন। তবে লামিয়া এজেন্সি সাপ্লাইয়ের কাজ করে না। আমাদের মাধ্যমে যে কাজের জন্যই সৌদিতে যাওয়া হোক, ৩ লাখ ৬০ হাজার টাকা লাগবে। ডকুমেন্ট ছাড়া আমরা টাকা লেনদেন করি না। এক মাসের মধ্যে সৌদিতে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, তিনশ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র হওয়ার পর যাত্রীর ফ্লাইট দেওয়া হয়। সাপ্লাইয়ের ভিসায় গিয়ে অনেকে সৌদিতে গিয়ে আকামা পান না, কান্নাকাটি করেন।’

রিক্রুটিং এজেন্সি আল-ফাতিন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শাহ জাফর ইকবাল কালবেলাকে বলেন, সৌদিতে জনশক্তি রপ্তানির নামে যেসব এজেন্সি প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি, তা না হলে ধাপে ধাপে সৌদি আরবে জনশক্তি রপ্তানি করা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, কিছু ট্রাভেল এজেন্সি রয়েছে, যাদের জনশক্তি রপ্তানির লাইসেন্স নেই। এরপরও ট্রাভেল এজেন্সি জনশক্তি রপ্তানি করছে, যার কারণে বৈধ জনশক্তি রপ্তানিকারকরা বিপদে পড়ছে।