সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বাহারি কমলা। থোকায় থোকায় উঁকি দিচ্ছে যেন সোনালি স্বপ্ন। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। যেদিকে চোখ যাবে, সেখানেই চোখ আটকে যাবে রসে টইটম্বুর বাহারি কমলার থোকায়। দেশের মাটিতে বিদেশী জাতের এই কমলার বাগান সাড়া ফেলেছে চারিদিকে। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের হাবিবুর রহমান গড়ে তুলেছেন ১৬ বিঘা কমলা বাগান। প্রতি বছর কমলা বিক্রি করে আয় করেন প্রায় ৩০ লাখ টাকা।
হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারতে ঘুরতে যান তিনি। সেখানে গিয়ে সমতলের মাটিতে কমলার বাগান দেখে আগ্রহী হন হাবিবুর। পরে সেখান থেকে কয়েকটি চারা নিয়ে ফিরে আসেন দেশে। নিজের জমিতে রোপন করেন সেই চারা। চায়না-৩ জাতের এই কমলার গাছ বড় হওয়ার পরে নিজেই শুরু করেন চারা তৈরির কাজ। এভাবে চার বছর ধরে হাবিবুর তার নিজের তিন বিঘা ও তার বড় ভাইয়ের তিন বিঘা জমিতে কমলার চারা রোপণ করেন। চারা রোপণের চার বছর পর থেকে গাছে ব্যাপক হারে ফল আসতে শুরু করে। বর্তমানে গ্রামের অন্যদের কাছ থেকে জমি লিজ নিয়ে বাড়িয়েছেন বাগানের পরিধি। মোট ১৬ বিঘা জমিতে চায়না-৩ জাতের কমলার আবাদ রয়েছে হাবিবুর ও তার ভাই শফিউর। বছরে এসব বাগান থেকে গড়ে ৩০ লাখ টাকার ফল বিক্রি করেন তারা।
বাগানের পরিচর্যা ও অন্যান্য বিষয়ে সফল কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বেড়াতে গিয়েছিলাম। সেখানে দেখি, সমতলের জমিতে কমলার চাষ হচ্ছে। তখন আমি বেকার। ভাবলাম, পশ্চিমবঙ্গ ও আমাদের মাটি তো একই। তখনই সেখান থেকে কয়েকটি চারা নিয়ে দেশে ফিরে আসি। নিজের ৩ বিঘা জমিতে কমলার বাগান করি। গ্রামের মানুষ বলতো, বাপের জমি সব শেষ করার জন্য কমলা চাষে নেমেছে হাবিবুর। মানুষের কথায় মন খারাপ হতো।
বাগানের মালিক হাবিবুর আরও বলেন, একটি মাত্র কমলা গাছের চারা থেকে ধীরে ধীরে ৭০০ তৈরি করেছি। সেই চারা গাছ থেকেই একে একে তৈরি করেছি বাগান। এখন আমার বাগানের ফল দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। পাইকাররা বাগানে এসে দেখেশুনে ফল কিনে নিয়ে যান।
হাবিবুরের ভাই শফিউর বলেন, বাগানে এখন লাখ লাখ টাকার কমলা রয়েছে। বর্তমানে ১৬ বিঘা জমিতে আমাদের দুই ভাইয়ের কমলার আবাদ আছে। এসব বাগান থেকে প্রতিদিন ফল হারভেস্ট করা হয়। ফলভর্তি ক্যারেট চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। বাগানে স্থানীয় লোকজন সহ পড়াশোনার ফাঁকে শিক্ষার্থীদেরও কাজের সুযোগ মিলেছে।
পাইকারি ফল বিক্রেতা আব্দুর রশিদ বলেন, হাবিবুর ভাইয়ের বাগানের ফল অন্যদের থেকে আলাদা। এই বাগানের কমলার স্বাদ ও রস বেশি। রঙেও দুর্দান্ত। এই বাগান থেকে ফল কিনে যশোর, খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া, ঢাকা, নোয়াখালী, কুমিল্লাতে নিয়মিত পাঠাচ্ছি। এই ফলের স্বাদ, গন্ধ, রঙ ও মান বিদেশি কমলার চেয়ে কোনো অংশেই কম না।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়ারসমিন সুলতানা বলেন, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হবে না যে, দেশের মাটিতে সমতলে এত সুন্দর কমলার চাষ হতে পারে। হাবিবুরের কমলার বাগান আমি ঘুরে দেখেছি। কমলার স্বাদ, রঙ ও রস বিদেশি কমলার মতোই। কৃষি বিভাগের পক্ষ থেকে হাবিবুর রহমানকে সার্বক্ষনিক পরামর্শ ও সরকারি সহায়তা দেয়া হয়েছে। হাবিবুরের মতো কৃষি উদ্যোক্তা তৈরি হলে বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমবে। সেই সাথে দেশের কৃষি অর্থনীতির চাকা আরও সচল হবে।