Image description

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত তিন দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

 

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

 

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি। তবে এবার গুরুতর অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হলো।

 

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে নিজের অভিনয় ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন মামুনুর রশীদ। অভিনেতা পরিচয়ের বাইরেও নাট্যকার ও নির্দেশক হিসেবে রয়েছে তাঁর আলাদা পরিচিতি। স্বাধীনতার পর ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

 

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও সক্রিয় হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

 

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর নাট্যচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

 

মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও সমানভাবে পরিচিতি পেয়েছেন মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। দীর্ঘদিনের অভিনয় ও নাট্যচর্চার মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।