আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকারের মনোযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন? একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলোয় আমাদের মনোযোগ নাই। আমরা সব সময় সতর্ক আছি।’
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও ভারতে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তাকে প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে হবে। সরকার এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। দেশটি আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো স্বীকৃতি নেই। ২০২৪ সালের অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর দলটি নিজেদের কার্যক্রমের মধ্য দিয়ে সন্ত্রাসীগোষ্ঠীতে পরিণত হয়েছে। দেশের মানুষও তাদেরকে আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না।’
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি বললেন, ‘জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। তাদের এসব নির্দেশনায় দেশে থাকা নেতা-কর্মীরা প্রতারণা ও ফাঁদে পড়ে বিপদের মুখে পড়ছেন। জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এই জাতীয় যেকোনো তথাকথিত কর্মসূচি যদি থাকে, সেগুলো অ্যাড্রেস করার জন্য।
তিনি জানালেন, প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলে আগের অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।’
গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।’
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রম। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বললেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
