Image description

সাতক্ষীরার আশাশুনিতে আবু জাহিদ সোহাগ নামে এক যুবদল নেতার মাছের ঘের থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকারটি সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মান্দারা) এলাকার সেই যুবদল নেতার মাছের ঘেরে খুঁজে পায় পুলিশ।

অভিযুক্ত আবু জাহিদ সোহাগ উপজেলা যুবদলের সদস্যসচিব। তবে এ ঘটনায় আবু জাহিদ সোহাগকে আটক করতে পারেনি পুলিশ।

 
 
 

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করতে গিয়ে গাড়িটির অবস্থান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলি এলাকায় বলে জানতে পারেন তারা। পরে রোববার রাতে তিনি সাতক্ষীরায় আসেন। সোমবার ভোর ৬টার দিকে আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

 
 

এসআই নূরে আলম আরও বলেন, ‘মূল আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা হচ্ছে।’

 

ঘেরের কর্মচারী এনামুল শেখ বলেন, ‘প্রায় তিন মাস আগে আবু জাহিদ সোহাগ পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনেন। গাড়িটির পেছনে তিনি প্রায় দেড় লাখ টাকা খরচ করেন। যার কাছ থেকে গাড়িটি কেনা হয়েছিল, তাকে সম্প্রতি ২০ হাজার টাকা দেওয়া হলেও আরও ৩০ হাজার টাকা বাকি ছিল। আবু জাহিদ বিভিন্ন সময়ে দূরে যাতায়াতের জন্য গাড়িটি ব্যবহার করতেন।’

এনামুল বলেন, ‘সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে কয়েকজন এসে গাড়িটির ছবি তোলেন এবং মালিকের নাম জানতে চান। আমি আবু জাহিদ সোহাগের নাম জানাই। পরে ভোর ৬টার দিকে পুলিশ ঘেরের পাশ থেকে গাড়িটি নিয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা খোকন সরদার জানান, প্রায় তিন মাস ধরে আবু জাহিদ সোহাগ ওই সাদা রঙের করোলা প্রাইভেটকার ব্যবহার করতেন। সোমবার ভোরে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার কাছে গাড়িটির মালিকানা জানতে চান। তিনি গাড়িটি আবু জাহিদের বলে জানান। পরে আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম এবং গাড়ির মালিক এসে সেটি নিয়ে যান।

তবে গাড়িটির মালিকানা অস্বীকার করেছেন আবু জাহিদ সোহাগ। তিনি বলেন, ‘গাড়িটি আমার ঘেরের পাশে বাড়ি ইলিয়াস নামে একজন কিনেছেন। গাড়িটি আমার নয়, আর আমি ব্যবহারও করিনি।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আবু জাহিদের জিম্মা থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হবে।’