Image description

‘জীবনে ব্যর্থ হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাছে আত্মসমর্পণ করব না’—এমন ঘোষণা দিয়েছেন ভারতের কেরালার শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ বাতিল করে তাদের পক্ষে রায় দিয়েছেন কেরালা হাইকোর্ট। শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায় ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

 

বিজ্ঞাপন

সোমবার বিচারপতি পি.ভি. কুন্হিকৃষ্ণনের দেওয়া এই রায়কে ‘আরএসএস-এর আদর্শিক আক্রমণের বিরুদ্ধে বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রায়ের পর ক্যাম্পাসে বিজয় মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর নেতাকর্মীরা বলেন, ‘জীবনে ব্যর্থ হলেও আমরা আরএসএস-এর কাছে হার মানব না।’

 

 

সোমবার বিচারপতি পি ভি কৃষ্ণনের নেতৃত্বে আদালত ১৬ শিক্ষার্থীর করা একটি রিট আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের ক্যাম্পাসে প্রবেশ এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

 

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের শুরু থেকে তারা যে ‘ক্ষমা নয়, আপস নয়’ অবস্থান নিয়েছিলেন, আদালতের রায় তাতে ন্যায্যতা দিয়েছে।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উচ্চশিক্ষামন্ত্রী রোজি এম জন তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়রানি করেছেন। অন্যদিকে, উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের রায় নিয়ে পরে তিনি প্রতিক্রিয়া জানাবেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানকে সমর্থন করে বলেছিলেন, ক্ষমা চাইলেই কেবল শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা যেতে পারে।

 

 

আদালত আরো নির্দেশ দিয়েছেন, বহিষ্কারের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা ১০ শিক্ষার্থীর জন্য ছয় সপ্তাহের মধ্যে পৃথক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে এমন ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছিল। আবেদনকারী বাকি ছয়জন পিএইচডি গবেষক। বহিষ্কারের কারণে তাদের কোনো পরীক্ষা বাদ পড়েনি।

 

গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। এসব সমস্যার মধ্যে ছিল ২৭টি প্রভাষক পদ শূন্য থাকা, ছাপানো সনদপত্র দিতে বিলম্ব, অবকাঠামোগত ঘাটতি এবং গবেষণা বৃত্তি পেতে দীর্ঘসূত্রতা।

 

এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কালাডি থানায় দুটি মামলা করে পুলিশ। এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

তবে শাস্তিমূলক তদন্তের প্রক্রিয়া পর্যালোচনা করে এতে বেশ কয়েকটি গুরুতর অনিয়ম খুঁজে পেয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, বহিষ্কারের আদেশ কিংবা শুনানির নোটিশ—কোনোটিতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি। ফলে তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার যথেষ্ট সুযোগ পাননি তারা।

 

আদালত আরো বলেন, উপাচার্যের অনলাইন সাক্ষ্যসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে রেকর্ড করা হয়েছে। তাদের অভিযোগের অনুলিপিও দেওয়া হয়নি। এমনকি সাক্ষীদের জেরা করার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।

 

১৩ আগস্টের ঘটনা তদন্তে সিন্ডিকেট সদস্যদের নিয়ে গঠিত কমিটি নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে আগের কিছু অসংশ্লিষ্ট অভিযোগ এবং শিক্ষার্থীদের অতীত কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে বলে পর্যবেক্ষণ দেন আদালত।

 

বিচারপতি কৃষ্ণন তদন্ত প্রতিবেদনেরও সমালোচনা করেন। তিনি বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে কমিটি প্রমাণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেনি। ফলে প্রতিবেদনটি যুক্তিনির্ভর বা যথাযথ কারণসংবলিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে না।

 

শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিযোগ নিষ্পত্তি কমিটি কিংবা ন্যায়পালের কাছে যেতে পারতেন—কর্তৃপক্ষের এমন যুক্তিও প্রত্যাখ্যান করেন আদালত। তিনি প্রশ্ন তোলেন, এসব সংস্থার সদস্যদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় নিজেই, অথচ উপাচার্যও এই বিরোধের একটি পক্ষ। ফলে এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

এ ধরনের প্রতিকার চাওয়াকে তিনি ‘সিজারের কাছ থেকে সিজারের স্ত্রীর কাছে বিচার চাওয়ার’ সঙ্গে তুলনা করেন।

 

তবে আইন অনুযায়ী নতুন করে তদন্ত শুরু করার সুযোগ বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন আদালত। কিন্তু তদন্ত চলাকালে ওই ১৬ শিক্ষার্থীকে আবার বহিষ্কার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। আদালত উল্লেখ করেন, শিক্ষার্থীরা ইতোমধ্যে ৮৪ দিন বহিষ্কৃত অবস্থায় কাটিয়েছেন।

 

ফরাসি দার্শনিক ভলতেয়ারের বিখ্যাত উক্তি—‘তোমার বক্তব্যের সঙ্গে আমি একমত নই, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষায় মৃত্যুর আগ পর্যন্ত লড়ব’—উদ্ধৃত করে বিচারপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ক্ষমা করার আহ্বান জানান। তাদের শিক্ষাজীবন বিপন্ন না করার বিষয়েও সতর্ক করেন তিনি।

 

২০২৬ সালের মার্চে কেরালার রাজ্যপাল ড. সিজা থমাসকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেন। এসএফআই-এর দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নিযুক্ত রাজ্যপাল কেরালার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘আরএসএস-ঘনিষ্ঠ’ ব্যক্তিদের উপাচার্য পদে বসিয়ে ক্যাম্পাসের গেরুয়াকরণ এবং বামপন্থী ছাত্র রাজনীতি নির্মূলের চেষ্টা করছেন।