Image description
যার ভিডিওতে উঠে আসে গ্রামীণ জনপদের জীবন, কৃষি, প্রকৃতি ও শৈশবের স্মৃতি, সেই জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ‘চিত্ত মিডিয়া’র কর্ণধার জুয়েল রানা এখন নিজেই জীবনের কঠিন লড়াইয়ে রয়েছেন। দুই কিডনিতে গুরুতর জটিলতার পাশাপাশি তার স্ত্রীও ক্যান্সারে আক্রান্ত।
 
শনিবার (২১ নভেম্বর) ফেসবুক লাইভে এসে অসুস্থতার কথা জানান তিনি।
 
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা জুয়েল রানা ২০১৩ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছেন। বংশগত পলিসিস্টিক ডিজিজে আক্রান্ত। তার কিডনিতে পাথর হওয়ার মতো যন্ত্রণাদায়ক সমস্যাও রয়েছে। বর্তমানে দুই কিডনিতেই গুরুতর জটিলতা দেখা দিয়েছে। প্রতিদিন তাকে গড়ে ১০ থেকে ১১ ধরনের ওষুধ সেবন করতে হয়। শারীরিক অবস্থার কারণে কখনো কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করা বা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তবে তিনি শয্যাশায়ী নন জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেছেন এবং অসুস্থতার মধ্যেও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।
লাইভে জুয়েল রানার স্ত্রী নিশা নিজের অসুস্থতার কথাও জানান। তিনি বলেন, তিনি নিজেও অসুস্থ। জুয়েল রানার অসুস্থতা প্রসঙ্গে তার স্ত্রী বলেন, একবেলা ভাত না হলেও আমাদের জীবন যায়। কিন্তু মেডিসিন না হলে আমাদের জীবন আসলে যায় না। এমন পরিস্থিতিতেও তাদের কথায় কোনো অভিযোগের সুর নেই; বরং দুজন একে অপরকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
 
 
 
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে জুয়েল রানা শুরুতে আইন পেশায় যুক্ত ছিলেন। তবে নিরাপদ ও বাঁধাধরা পেশা ছেড়ে কনটেন্ট নির্মাণে মনোযোগী হন। গড়ে তোলেন ‘চিত্ত মিডিয়া’। বাংলা সাহিত্য, কবিতা ও জীবনবোধ মিশিয়ে গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প তুলে ধরে তিনি কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেন। স্ত্রী নিশার সঙ্গে প্রায় আট বছরের দাম্পত্য জীবনে তাদের এক কন্যা সন্তান রয়েছে।
 
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাতের সুযোগ হয় জুয়েল রানার। ওই সাক্ষাতে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলেন এবং প্রকৃতি নিয়ে কনটেন্ট নির্মাণ চালিয়ে যাওয়ার উৎসাহ দেন। সে সময় দেশের কৃষি, কৃষকের জীবনমান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের সমস্যা এবং নিজের জেলা ঝিনাইদহের উন্নয়নে রেললাইন, কৃষি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবার প্রসঙ্গ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি। জুয়েল রানার কিডনি জটিলতা থেকে মুক্তি এবং তার স্ত্রীর ক্যান্সারমুক্ত জীবন ফিরে পাওয়ার জন্য সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
সরকারি আদেশ দেখুন