Image description

রাজধানীর মিরপুর-১ নিউমার্কেটের পাশের রাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ওসি রাজীব হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পরে আটকদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নিউমার্কেটের পাশের রাস্তায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে পথচারীদের সহযোগিতায় ২ জনকে আটক করা হয়।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই এই মাসের শুরু থেকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।