‘সব শর্ত অনুকূলে এলেই’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে বলে মন্তব্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নেয়ার। ইসলামি প্রজাতন্ত্রটির ওপর সম্ভাব্য হামলা নিয়ে জেরুজালেমে আলোচনা চলছে বলে খবর প্রকাশের মধ্যে সোমবার এ কথা বলেন তিনি। তবে এরই মধ্যে আইডিএফ সতর্ক করেছে, ইরানে ইসরায়েলি হামলা হলে বিস্তৃত আঞ্চলিক সংঘাত শুরু হতে পারে।
জেরুজালেমে ইএলনেট সম্মেলনে বার্নেয়া বললেন, ‘আয়াতুল্লাহর শাসনের সঙ্গে কূটনৈতিক চুক্তি কখনোই সফল হবে না।’
বার্নেয়ার মতে, ইরানের ‘মৌলিক আকাঙ্ক্ষা’ হলো পারমাণবিক অস্ত্র অর্জন করা। গত জুনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা থেকে অবসর নেন তিনি। এর আগে ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি সামরিক অভিযান চালায়।
বার্নেয়া বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানের আচরণ বদলানোর জন্য সময় দেওয়া যেতে পারে। তবে পশ্চিমা দেশগুলোকে ইরানের ‘কৌশল’ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশগুলোকে নিজেদের প্রশ্ন করতে হবে, তারা ‘দীর্ঘ এক বিশৃঙ্খল সময়ের’ জন্য প্রস্তুত কি না।
বার্নেয়ার ভাষ্য, ‘এই শাসনের পতন ঘটাতে আমাদের দ্রুত ও দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে। এর জন্য যদি আরেকটি যুদ্ধে যেতে হয়, তাহলে সেটাই করতে হবে।’
তার মতে, যত দ্রুত সম্ভব যুদ্ধ শুরু করা উচিত।
যুদ্ধের ফলে অস্থিরতা ও অর্থনৈতিক দুর্ভোগ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। তবে জোর দিয়ে বলেন, এর ফল হবে ‘সমগ্র মানবজাতির জন্য অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ বিশ্ব।’
গত সপ্তাহে চ্যানেল ১৩ জানায়, সাম্প্রতিক এক নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে অভিযান অনিবার্য।’
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান রবিবার এক অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, নেতানিয়াহু ট্রাম্পকে ‘যত দ্রুত সম্ভব’ ইরানে হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। তবে ওই সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট এখনো সিদ্ধান্ত নেননি এবং তিনি হামলা চালাতে অনিচ্ছুক বলে খবর পাওয়া গেছে।
এদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন, ইরানে ইসরায়েলি হামলা হলে লেবানন, সিরিয়া ও গাজাকে ঘিরে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাত শুরু হতে পারে।
হিব্রু ভাষার ওই টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিকল্প নিয়ে নিবিড় আলোচনা চলার মধ্যে নেতানিয়াহু ও প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক গোয়েন্দা বিভাগ মনে করছে, ইসরায়েলি হামলা ‘একাধিক রণাঙ্গন’ খুলে দিতে পারে। এতে নেতানিয়াহু ও মোসাদের প্রধান রোমান গফম্যানের কথিত প্রত্যাশার সঙ্গে অমিল দেখা যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল