Image description

যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ওরফে স্বাধীন আব্দুল্লাহকে (২৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে, রোববার (২২ নভেম্বর) বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনের পুরাপাড়া এলাকা থেকে তাকে আটক করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

আব্দুল্লাহ আল মামুন মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এবং দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক। তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই দিনই কেশবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

 

এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, মামলার তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডে আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন স্বাধীনের ওপর হামলা এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতারা বলেন, এ ধরনের ‘মব কালচার’ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সাংবাদিক স্বাধীনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

 

অন্যদিকে, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের পক্ষ থেকেও এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ইমন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।