Image description

নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণের এক বড় উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম। যেসব দেশে প্রবাসীর সংখ্যা অনেক কম, সেখানেও বিপুল অর্থ ব্যয় করে কর্মকর্তাদের সফরে পাঠানোর আয়োজন চলছে। এতে প্রকৃত ভোটার নিবন্ধনের চেয়ে কর্মকর্তাদের ভ্রমণ বিলাসই বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি স্পেন, জার্মানি ও হংকংয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালুর জন্য ১৮ জন কর্মকর্তার বিদেশ সফরের সরকারি আদেশ জারি করেছে ইসি। অথচ এই তিনটি দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা খুবই কম। হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস টাইমসকে জানায়, সেখানে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা মাত্র ২ হাজার ৫১৬ জন। জার্মানিতে এই সংখ্যা ৩৫ হাজারের বেশি নয়, স্পেনে আরও কম।

তা ছাড়া জার্মানি ও স্পেনে থাকা বাংলাদেশিদের বড় একটি অংশই শিক্ষার্থী, যাদের বেশিরভাগই দেশ থেকে ভোটার হয়ে বিদেশে গেছেন।

কম প্রবাসী অধ্যুষিত দেশে এই কার্যক্রম চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ টাইমসকে জানান, প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই সফরের জন্য দেশের তালিকা তৈরি করা হয়েছে। যেসব দেশে প্রবাসী বেশি, সেগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

তবে ইসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশে নতুন ভোটার হতে বা এনআইডি সংশোধন করতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। ইসির নিজস্ব তথ্যমতেই, দেশে নতুন ভোটার হতে গড়ে ৩৫ দিন এবং এনআইডি সংশোধনে গড়ে ৩৬ দিন সময় লাগে, যা অনেক সময় ৯ মাসও পেরিয়ে যায়। কর্মকর্তাদের মতে, বিদেশে অর্থ অপচয় না করে দেশের ভেতরের এই দীর্ঘসূত্রতা কমানোই ইসির প্রধান কাজ হওয়া উচিত।

কারিগরি দক্ষতা সফরে কর্মকর্তারা

বিদেশ সফরের জন্য কর্মকর্তা নির্বাচনের প্রক্রিয়া নিয়েও ইসির ভেতরে ক্ষোভ রয়েছে। প্রবাসীদের এনআইডি নিবন্ধনের মূল কাজটি মূলত মাঠপর্যায়ের উপজেলা নির্বাচন কর্মকর্তারা করে থাকেন। বিদেশে গিয়ে যন্ত্রপাতি বসানো, সফটওয়্যার সংযোগ দেওয়া এবং দূতাবাসের কর্মীদের প্রশিক্ষণের জন্য কেবল দক্ষ কারিগরি লোকবলের প্রয়োজন। কিন্তু কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তা এবং কমিশনার ও সচিবের একান্ত সচিবদের (পিএস) এই সফরে পাঠানো হচ্ছে।

 
 

হংকংগামী কারিগরি ও ব্যবস্থাপনা দলে থাকা ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর টিম লিডার এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের কর্মকর্তা উইং কমান্ডার তৌহিদুল রহমান, এনআইডি উইংয়ের মহাপরিচালক আবুল হাসনাত মোহাম্মদ আনোয়ার পাশা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপ্রধান মোহাম্মদ মোস্তফা হাসানের ভোটার নিবন্ধন কাজে কোনো অভিজ্ঞতা নেই। পাশাপাশি এই সফরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের একান্ত সচিব এস এম হাবিবুর রহমানের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

একইভাবে জার্মানিগামী ব্যবস্থাপনা দলে থাকা আইডিইএ প্রকল্পের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহজাহান মজিবেরও ভোটার নিবন্ধনের অভিজ্ঞতা নেই। এ ছাড়া কারিগরি দক্ষতা না থাকলেও জার্মানির কারিগরি দলে প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মেজর মো. কামরুল হাসান, ইসির সিনিয়র সচিবের পিএস মো. মোখলেছুর রহমান এবং নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর পিএস এ এস এম জাকির হোসেনকে রাখা হয়েছে।

অন্যদিকে স্পেনগামী দলে থাকা এনআইডি উইংয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম এবং জার্মানিগামী প্রবাসী শাখার কর্মকর্তা খান আবি শাহানুর খান এর আগেও একাধিকবার বিদেশ সফর করেছেন।

উদ্বোধনের নামেও বিপুল অর্থ ব্যয়

কারিগরি ও ব্যবস্থাপনা দলের পাশাপাশি কেবল এনআইডি সেবা উদ্বোধনের নামেও বিদেশ সফর করছেন নির্বাচন কমিশনাররা। এ পর্যন্ত ১৭টি দেশে এই কার্যক্রম উদ্বোধনের নজির রয়েছে। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে সেবা উদ্বোধন করতে যান তিনজন নির্বাচন কমিশনার। এর মধ্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আট দিনের জন্য সুইডেন, আবুল ফজল মো. সানাউল্লাহ সাত দিনের জন্য সিঙ্গাপুর এবং আব্দুর রহমানেল মাছউদ সাত দিনের জন্য বাহরাইন সফর করেন।

ইসির নিয়ম অনুযায়ী এসব দেশ ‘এ’ শ্রেণিভুক্ত হওয়ায় একজন নির্বাচন কমিশনার দৈনিক ৩২৮ ডলার ভাতা পান। আট দিনের সফরে কেবল দৈনিক ভাতাই আসে ২ হাজার ৬২৪ ডলার। এর সঙ্গে আনুষঙ্গিক খরচ বাবদ আরও ৮০০ ডলার যুক্ত হলে মোট ব্যয় দাঁড়ায় ৩ হাজার ৪২৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকার বেশি। এর সঙ্গে বিজনেস ক্লাসের বিমানভাড়া যোগ করলে একজন নির্বাচন কমিশনারের একটি উদ্বোধনী সফরেই রাষ্ট্রের প্রায় ৮ লাখ টাকা খরচ হয়। অন্যদিকে কর্মকর্তারা ইকোনমি ক্লাসের বিমানভাড়ার পাশাপাশি দৈনিক ২৬৩ ডলার ভাতা পান, যাতে দেশভেদে প্রত্যেকের পেছনে ৫ থেকে ৭ লাখ টাকা ব্যয় হয়।

১৭ দেশে নিবন্ধিত হয়েছেন প্রায় অর্ধলাখ

প্রবাসী নির্বাচন কমিশনের তথ্য বলছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, বাহরাইন, সিঙ্গাপুর ও সুইডেন—এই ১৭টি দেশের ২৭টি মিশনে এনআইডি সেবা চালু রয়েছে। ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসব মিশনের মাধ্যমে ৪৯ হাজার ২০০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হয়েছেন এবং এনআইডি নম্বর পেয়েছেন।

বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বিশ্বে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের এই সেবার বাইরে রাখা সম্ভব নয়। তাই সরকারের সঙ্গে আলোচনা করে যেখানে বেশি প্রয়োজন, সেখানে পর্যায়ক্রমে এই সেবা চালু করা হচ্ছে।