রোহিঙ্গা সংকটের সমাধান শুধু আইনি লড়াইয়ের মাধ্যমে সম্ভব নয়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে মিয়ানমারের সামরিক জান্তার অর্থনৈতিক শক্তির উৎস বন্ধ করতে হবে। এ জন্য চীন, রাশিয়াসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে জান্তা সরকারের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
১৯৮২ সালে আইন করে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয় মিয়ানমার। দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির পর আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে রোহিঙ্গাদের জাতিসত্তার স্বীকৃতি মিলেছে। তবে এখন বড় প্রশ্ন, কীভাবে নিজ ভিটেমাটিতে ফিরবেন রোহিঙ্গারা, কবে শুরু হবে প্রত্যাবাসন এবং কীভাবেই বা নির্ধারিত হবে ক্ষতিপূরণ?
মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই ক্যারি মনে করেন, রোহিঙ্গা সংকটের সমাধান সহজ নয়। এ জন্য সবার আগে মিয়ানমারের সামরিক জান্তাকে দুর্বল করতে হবে। বন্ধ করতে হবে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে জান্তা সরকারের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক।
তার মতে, এসব সম্পর্ক অব্যাহত থাকলে মিয়ানমারের বর্তমান শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়ার বার্তা পাবে সামরিক জান্তা। ফলে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
কেলি ই ক্যারি দাবি করেন, মিয়ানমারে চীন, রাশিয়া এমনকি ইরান থেকেও অস্ত্র আসছে। তাই সামরিক জান্তার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং নিষেধাজ্ঞা আরও কঠোর করার বিকল্প নেই।
পাশাপাশি রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকেও রোহিঙ্গাদের প্রয়োজন ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া রাখাইনে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য কেউ যেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না পারে, সে বিষয়ে গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ দেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার।