Image description

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ রবিবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বেলা ৩টায় ফল প্রকাশের পর তিন পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

রবিবার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।