আমরা প্রতিদিন সকালে যখন কর্মস্থলে যাই, তখন শহর থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু এই পরিচ্ছন্নতার পেছনে যাদের নিরলস শ্রম, তাদের মুখ আমরা খুব কমই দেখি। যখন পুরো নগরী ঘুমিয়ে থাকে, তখন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে রাস্তাঘাট, ফুটপাত, বাজার ও নগরীর বিভিন্ন স্থান পরিষ্কার করেন। তাদের নীরব পরিশ্রমের ফলেই প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা দেখতে পান নগরবাসী। তাদের জন্য সরকার রাজধানীর গাবতলী সিটি পল্লীতে নির্মাণ করেছে ১৫ তলা আবাসিক ভবন।
ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) এই প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে ফিনিশিং পর্ব। ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য এই আবাসন বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্ল্যাট প্রকল্পটির উদ্বোধন এবং চাবি হস্তান্তর করবেন বলে ডিএনসিসি সূত্র জানিয়েছে। আগামী মার্চকে টার্গেট ধরে প্রকল্পের কার্যক্রম এখন শেষ পর্যায়ে।
প্রকল্প সূত্রে জানা যায়, ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি ৬টি প্যাকেজে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, বহুতল আবাসন ভবন, অভ্যন্তরীণ সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানির অবকাঠামো, নিজস্ব সাব-স্টেশন, জেনারেটর, ডিপটিউবওয়েলের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা, আধুনিক লিফট স্থাপন এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করেছে। ডিএনসিসির কর্মকর্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হয়েছে ৭৮৪টি আধুনিক আবাসিক ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬০ বর্গফুট। এসব ফ্ল্যাটে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি শিশু কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বাথরুম। এ প্রকল্পের লক্ষ্য শুধু বাসস্থান নির্মাণ নয়-নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। এ প্রকল্পের বিশেষ দিক হচ্ছে, আবাসিক কমপ্লেক্সের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে চারতলা ভবনের বিদ্যালয়।
প্রধানমন্ত্রীর বৃক্ষপ্রেম ও সবুজ পরিবেশের প্রতি আগ্রকে মাথায় রেখে গাবতলী সিটি পল্লীর এই আবাসন প্রকল্পটিতে পর্যাপ্ত সবুজায়ন করা হয়েছে। চারটি আবাসিক ভবন ও একটি স্কুল ভবনের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তৈরি হয়েছে সবুজ বেষ্টনী। এখানে ফুল-ফল ও ছায়াদানকারী গাছ সবই আছে। যাতে বাচ্চারা প্রকৃতির সান্নিধ্যে বড় হয় এবং ছোট থেকে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে ওঠে।
স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন যুগান্তরকে বলেন, গাবতলী সিটি পল্লীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রকল্পটির বড় দিক হলো সবুজ ও পরিবেশবান্ধব আবাসন। পরিবারগুলো নতুন বাসার পাশাপাশি সন্তানদের কাছেই পড়াশোনার সুযোগ পাবে।
দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধান : প্রকল্পটি শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধান, তাদের জীবনমানের উন্নয়ন এবং তাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নানা চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা মোকাবিলা করতে হয়েছে। অনেক পরিশ্রম, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এখন প্রকল্পটি দৃশ্যমান বাস্তবতায় রূপ নিয়েছে।
ডিএনসিসি কর্তৃপক্ষ মনে করে, একটি শহরের সৌন্দর্য শুধু তার সুউচ্চ ভবনে নয়; সেই শহরের সৌন্দর্য লুকিয়ে থাকে সেইসব মানুষের ঘামে, যারা নীরবে শহরটিকে পরিচ্ছন্ন রাখেন। দীর্ঘদিন ধরে এই মানুষগুলোর অনেকেই অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ পরিবেশে বসবাস করছেন। অথচ তারাই বাসযোগ্য ঢাকা গড়ার নীরব রক্ষক। আর মানুষের মর্যাদা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনকল্যাণের যে দর্শনকেই ধারণ করে গাবতলী সিটি পল্লীর এই আবাসিক ভবন প্রকল্পটি একটি মানবিক আবাসন প্রকল্প।
অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১১ মে প্রকল্প পরিচালক বদলের পর ষষ্ঠ পরিচালক হিসাবে দায়িত্ব নেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। তার তত্ত্বাবধানে প্রকল্পের বিভিন্ন জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কারিগরি যাচাইয়ের পর সংশোধিত প্রকল্প প্রস্তাবে আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়। পরিচ্ছন্নতাকর্মীদের ফ্ল্যাট প্রকল্প এখন শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, মূল প্রকল্প প্রস্তাবে ১৫ তলা আবাসিক ভবনগুলোর জন্য আধুনিক অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমআইএসটির কারিগরি যাচাইয়ের পর তৃতীয় সংশোধিত প্রকল্প প্রস্তাবে ফায়ার পাম্প, স্প্রিংকলার, ফায়ার অ্যালার্ম ও অগ্নিরোধী দরজাসহ প্রয়োজনীয় ব্যবস্থা যুক্ত করা হয়। প্রকল্পের লক্ষ্য, পরিচ্ছন্নতাকর্মী ও তাদের পরিবারের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা।