Image description
ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর ভিন্নমত

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা এবার ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাচ্ছে। তবে তারা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কি না, তা অনিশ্চিত। কারণ, পুনরায় পরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা, জাহাঙ্গীরনগরসহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্তও। এক আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। তবে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা। এদিকে, সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময় পিছিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সমালোচনার আশঙ্কায় শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি। সবিমিলিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে কি না, সে ব্যাপারে একক কোনো সিদ্ধান্তে আসা যায়নি। পরীক্ষা না পেছানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনঢ় অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও। তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ নেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিকল্পনার কারণে সেই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।

গত ৩১ অক্টোবর এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ জন। এবার তা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৩২ হাজার ৯২ জন।

ফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার ফেল করা ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থীর মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এদের মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। আর দুই বিষয়ে ফেল করেছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এবার ইংরেজি, আইসিটি ও হিসাববিজ্ঞান বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন।

পরীক্ষার ফল প্রকাশের দিনই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এর আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হতো। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নেতৃত্বে থাকা ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করে। রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ওই মাসের শেষ সপ্তাহেই প্রকাশ হবে ফল। এর আগে আজ সোমবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। তবে দ্রুত সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা নিলেও অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না। কারণ এর আগেই এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। ফলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসে।

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত দিলেও সরে আসে ইউজিসি

পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে জরুরি সভায় বসে ইউজিসি। সেই সভায় ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভা শেষে ইউজিসি জানায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ফেব্রুয়ারি থেকে।

দুপুরে বৈঠক শেষে বিকেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় তারা ভর্তি আবেদন ও পরীক্ষা পেছাবে না। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এ জন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা না পেছানোর সিদ্ধান্ত নেয়। তবে চট্টগ্রাম, রাজশাহী, বুয়েটসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে।

ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর এই মতানৈক্যের মধ্যে গত ১৮ নভেম্বর ইউজিসি ফেরে উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে পুরনায় পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সূত্র জানায়, মূলত ইউজিসির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের অজুহাত দেখিয়ে বেঁকে বসে। জোর করে পরীক্ষা পেছাতে বাধ্য করলে শিক্ষার্থীরা আন্দোলনে নামার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি রাজনৈতিক মোড় নিতে পারে এমন শঙ্কায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত থেকে সরে আসে ইউজিসি।

পরীক্ষা পেছানোর বিষয় গড়ায় উচ্চ আদালতে, আজ শুনানি

ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত থেকে ইউজিসি সরে আসার পর বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার এক রিট আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আজ সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করা হবে।

পরীক্ষা নিয়ে সমন্বয়হীনতায় ক্ষোভ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর এই সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা। তারা বলছেন, সবার দাবি ছিল সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা আয়োজন করা। এই নিয়ে ইউজিসি ২০২৩ সালে একটি উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। এবার সবাইকে নিয়ে শিক্ষার্থীদের সুবিধামতো একটি সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করতে না পারা ইউজিসির আরেকটি ব্যর্থতা। এর জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দূরত্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং নেতৃত্ব মেনে নেওয়ার অনীহা সমন্বয়হীনতার পেছনে ভূমিকা রেখেছে।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, কেবল প্রস্তুতির অভাবেই শিক্ষার্থীরা একটি বিষয়ে অকৃতকার্য হন না; বরং নানা পারিপার্শ্বিক কারণেও অনেক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হন। অনেক ক্ষেত্রে দেখা যায়, ফেল করা শিক্ষার্থীরাও খাতা পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করছেন। এমন পরিস্থিতিতে এক বা দুই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে অনেক শিক্ষার্থীই ভালো ফল করতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা; কিন্তু তাদের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হতাশা ও আক্ষেপের কারণ হতে পারে।

তারা আরও বলেন, উচ্চশিক্ষায় ভর্তিতে মেধা ও আগ্রহকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মূল্যায়নের সমতাও বজায় রাখা উচিত। কিন্তু এ বিষয়ে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। ইউজিসি কাগজে-কলমে বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক হলেও বাস্তবে ‘ঠুঁটো জগন্নাথ’। তাদের কথা কেউ শুনে না। শুনলে বিষয়টি এতদূর এগোত না, আদালত পর্যন্তও গড়াত না।

সার্বিক বিষয়ে শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর বিশেষ কোনো তাৎপর্য নেই। কারণ যারা পরবর্তী সময়ে পরীক্ষায় অংশ নেবেন, তাদের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। কারণ এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতা বেশি। তবে ভর্তি পরীক্ষা না পেছানো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ‘একগুঁয়েমি’। সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি সমন্বয় থাকা উচিত। কিন্তু সরকার ও ইউজিসি এ বিষয়ে কার্যকর কোনো অবস্থান নিতে পারছে না।

ভর্তি পরীক্ষা নিয়ে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসি সমন্বয়ে কেন যেতে পারছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। কারণ স্বায়ত্ত শাসনের অজুহাত দেখিয়ে পুরোনো কয়েকটি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা স্বায়ত্ত শাসনের বিধানের অপপ্রয়োগ করছে। আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার মানের বিশেষ কোনো উন্নতি হয়, এমন প্রমাণ নেই। বরং এর পেছনে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সুবিধা বা বিশেষ কোনো স্বার্থ থাকতে পারে।

ঢাবির ভর্তি পরিকল্পনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ শিক্ষামন্ত্রী। গতকাল বিশ্ববিদ্যালয়টিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ নেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিকল্পনার কারণে সেই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা কমাতে তিনি কাজ করছেন। আগে এসএসসি পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশে দীর্ঘ সময় চলে যেত। এরপর এইচএসসি পরীক্ষা ও ফল প্রকাশেও সময় লাগত। সব মিলিয়ে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষায় প্রবেশ করতে অনেক দেরি হয়ে যায়। এবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পুনর্নিরীক্ষণের ফলও দ্রুত প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করার জন্য বলা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মতো করে ভর্তি পরিকল্পনা করেছে। শেষ পর্যন্ত তাকে আদালতের দ্বারস্থ হওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষকদের বিভিন্ন বিষয়ে হাইকোর্টে যাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। বলেন, কোনো বিষয়ে সমস্যা হলেই শিক্ষকরা আদালতের দ্বারস্থ হন। আদালতে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করা উচিত। আদালতে যথাযথভাবে বিষয়গুলো উপস্থাপন করা হলে ভর্তি কার্যক্রম স্থগিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয়ে কথা বললে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৭৪ সালের আইন অনুযায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কথা বলে। কিন্তু অর্থের প্রয়োজন হলে আবার সরকারের কাছে আসতে হয়। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।