রাজধানীর বাংলামটরের একটি টাইলসের দোকানের ব্যবস্থাপক খাইরুল ইসলাম। মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় হাসপাতালে ভর্তি এক স্বজনকে দেখতে এসেছিলেন তিনি। সেখান থেকে হেমায়েতপুর যাওয়ার উদ্দেশে বাসে ওঠার কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখেন, তার মোবাইল ফোন সেটটি হাওয়া! পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাজধানীতে চলতে-ফিরতে খাইরুল ইসলামের মতো এমন অভিজ্ঞতা হয়েছে অনেকের, যাদের মোবাইল ফোন পকেট থেকে নিয়ে গেছে পকেটমাররা।
তবে রাজধানীর মিরপুর রোডের দুই কিলোমিটার এলাকা ছিনতাই, পকেটমার আর টানা পার্টির অভয়ারণ্য হয়ে উঠেছে। মিরপুর রোডের আড়ং মোড় থেকে শ্যামলী পর্যন্ত—এ পথটুকুতে দিনে-রাতে হাসপাতাল থেকে বের হওয়া রোগীর স্বজন, গণপরিবহনের যাত্রী কিংবা সড়কে চলাচলকারী সাধারণ মানুষ—কেউই বাদ যাচ্ছেন না অপরাধীদের লক্ষ্যবস্তু থেকে। কখনো পকেট থেকে কৌশলে মোবাইল নিয়ে যাওয়া হচ্ছে, কখনো মোটরসাইকেল থেকে কিংবা দৌড়ে এসে চলন্ত রিকশার যাত্রী কিংবা বাসের জানালার পাশে বসে থাকা যাত্রীর মোবাইল ফোন বা ব্যাগ ছিনিয়ে নেওয়া হচ্ছে।
ছিনতাই ও টানা পার্টির দৌরাত্ম্যের ওই এলাকাটি মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা এলাকার মধ্যে পড়েছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, শুধু ওই দুই কিলোমিটার এলাকাতেই নয়; এই দুটি থানার বিভিন্ন এলাকাতেই মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মোহাম্মদপুর থানা এলাকায় গত আগস্ট থেকে অক্টোবর—এ তিন মাসে মোবাইল ফোন ‘খোয়া’ যাওয়ার ঘটনায় ৪১৮টি জিডি হয়। একই সময়ে শেরেবাংলা নগর থানায় ২৫১টি জিডি হয়। এ হিসাবে মোহাম্মদপুর থানা এলাকায় মাসে গড়ে ১৩৯টি এবং দিনে গড়ে পাঁচটি মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় জিডি হয়। শেরেবাংলা নগরে এ হিসাবে মাসে গড়ে ৮৪টি এবং দিনে তিনটি মোবাইল ফোন খোয়া যাওয়ার জিডি হয়। যদিও মোবাইল ফোন ছিনতাই বা চুরি হলেও পুলিশ শুধু হারানো জিডি নেয় বা ঘটনার শিকার ব্যক্তি হারানোর জিডি করেন, এ অভিযোগ বেশ পুরোনো।
কিন্তু এ খোয়া যাওয়া বা ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের গন্তব্য কোথায়—কালবেলার পক্ষ থেকে সেই তথ্য খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে মোহাম্মদপুরের বহুল আলোচিত জেনেভা ক্যাম্পের নাম। যেটি মাদকসহ নানা অপরাধের স্বর্গরাজ্য হিসেবে বারবারই আলোচনায় এসেছে।
জেনেভা ক্যাম্প সূত্র ও পুলিশ সূত্র বলছে, আড়ং মোড় থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত এলাকাটিতে অপতৎপরতা চালানো গ্রুপটির প্রায় সবাই জেনেভা ক্যাম্প থেকে আসে। ছিনিয়ে নেওয়া বা পকেট মেরে নেওয়া মোবাইল ফোনও শুরুতে যায় সেখানেই। এরপর তা হাতবদল হয়ে অন্যত্রে চলে যায়। এজন্য ক্যাম্প এলাকায় বড় সিন্ডিকেট গড়ে উঠেছে। এ সিন্ডিকেটে অন্তত ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছেন। সিন্ডিকেটের একেক হোতার অধীনে আবার ১৫ থেকে ২০ জন করে ছিনতাইকারী, পকেটমার ও টানা পার্টির সদস্য রয়েছে। ৯ বছরের শিশু থেকে তরুণ এবং বয়স্ক লোকজনও রয়েছে পকেটমার দলে। সিন্ডিকেট সদস্যরা অগ্রিম টাকা দিয়ে ছিনতাইকারীদের লালন-পালন করে থাকে। গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে তারাই জামিন করায়। আবার ভাসমান ছিনতাইকারী ও টানা পার্টির সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন কেনে পানির দরে।
কারা এ সিন্ডিকেটে, কারা ছিনতাই করে মোবাইল ফোন সেট?
স্থানীয় একাধিক সূত্রের তথ্য, মিরপুর আড়ং মোড় থেকে শ্যামলী পর্যন্ত অন্তত অর্ধশত পেশাদার মোবাইল চোর ও ছিনতাইকারী সক্রিয়। সকাল থেকে রাত পর্যন্ত তারা মোবাইল চুরি ও ছিনতাইয়ে ব্যস্ত থাকে। চুরি বা ছিনতাইয়ের পর মুহূর্তের মধ্যেই এসব ফোন হাতবদল হয়ে পৌঁছে যায় জেনেভা ক্যাম্পে নির্দিষ্ট কয়েকজনের কাছে। তারা এসব মোবাইল সেট দ্রুতই ক্যাম্প থেকে হাতবদল করে ঢাকাসহ বিভিন্ন জেলার মোবাইল ফোন সেট মেরামতকারী চক্র এবং বিদেশে পাচারকারী চক্রের কাছে পাঠিয়ে দেয়।
সূত্র বলছে, জেনেভা ক্যাম্প এলাকায় চোরাই মোবাইল সেট সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় রয়েছে তারিক, জুবায়ের, দুলারা, সলু, আরশাদ, শাহজাদা ও পল্টু। তাদের মধ্যে সলু হুমায়ুন রোডের ডাস্টবিনের পাশে একটি বিরিয়ানির দোকান চালান। এ দোকানের আড়ালেই চলে তার চোরাই মোবাইল কেনাবেচার কারবার।
সরেজমিন ওই দোকানে দেখা যায়, সামনে রাখা তিনটি ডেগের মধ্যে দুটি খালি। অন্যটিতে তেহারির সামান্য অবশিষ্টাংশ, তা-ও ঠান্ডা। দোকানে সলুকে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় শ্যামলী স্কয়ার মার্কেটের মোবাইল ফোনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন জুবায়ের ও আরশাদ। চাকরি ছেড়ে এখন রাস্তায় বসেই চোরাই মোবাইল কেনার কারবার চালাচ্ছেন তারা। অন্যদিকে জেনেভা ক্যাম্পের ভেতরে বুটিকের কারখানা রয়েছে দুলারার। এ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল সেট কেনার কারবার করেন বলে অভিযোগ রয়েছে।
এসব চক্রকে মাঠপর্যায়ে সহযোগিতা করে—এমন কয়েকজনের নামও এসেছে কালবেলার হাতে। স্থানীয় সূত্রের দাবি, তারা জেনেভা ক্যাম্প ও কলেজগেট এলাকার পরিচিত ছিনতাইকারী। তাদের মধ্যে রয়েছে তৌসিফ ওরফে টাকলি, লারা, ফেকু, সোহাগ, অপু, সুজন, সাগর ওরফে ল্যাংড়া সাগর, জুয়েল, শ্রাবণ, শানা, আরমান ওরফে চুদ্দিল, সুমন, কার্টুন, মোবারক, চুনা ও তার দুই ভাই।
এদিকে মিরপুর রোডে মোটরসাইকেল দিয়ে ছিনতাইয়ের আরেকটি চক্র সক্রিয় রয়েছে। এ চক্রের মূলহোতা হিসেবে হাসান ওরফে চকলেট হাসান ও আঙুলকাটা রাব্বির নাম উঠে এসেছে। হাসান ও রাব্বির চক্রে অন্তত ২০ জন সদস্য রয়েছে। তারা মোটরসাইকেল নিয়ে মিরপুর রোডের আড়ং মোড় থেকে শ্যামলী ওভারব্রিজ এলাকা পর্যন্ত ছিনতাই করে থাকে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র ও স্থানীয় সূত্র জানিয়েছে।
ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন বিক্রির টাকায় কেনা হয় মাদক:
জেনেভা ক্যাম্পে ঘুরে বিভিন্ন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোন বা ব্যাগ ছিনিয়ে নেওয়া ও টানা পার্টির সদস্যদের প্রায় সবাই মাদকাসক্ত। এরা ছিনিয়ে আনা মোবাইল ফোন ক্যাম্পের সিন্ডিকেটের কাছে অল্প দামে বিক্রি করে সেই টাকা দিয়েই মূলত মাদক সেবন করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী দিনের পর দিন ক্যাম্প ঘিরে মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধের চেষ্টা করলেও ক্যাম্পকেন্দ্রিক এ ছিনতাইকারী চক্রটি আড়ালেই রয়েছে। ক্যাম্প এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে চক্রটি এ কারবার চালানোয় বাইরে থেকে দেখে এসব তৎপরতা বোঝার উপায় নেই।
জেনেভা ক্যাম্পকেন্দ্রিক জানাশোনা সূত্রগুলো বলছে, আইফোন ১৫, ১৬, ১৭ মডেল ও স্যামসাং আল্ট্রা ২৩, ২৪, ২৫ ও ২৬ মডেলগুলোও মেলে জেনেভা ক্যাম্পে। বাজারে এ মডেলের মোবাইল ফোনের দাম দেড় থেকে ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু ক্যাম্পে ছিনতাই বা চুরি করে আনা এসব মডেলের মোবাইল সেট বিক্রি হয় ১৫ থেকে ৩০ হাজার টাকায়।
পুরোনো মোবাইল ফোন সেট কেনাবেচার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে, চোরাই বাজারের দামি ফোনগুলোর প্রায় সবই দেশের বাইরে চলে যায়। এ চোরাই মোবাইল সেট সাধারণত বাংলাদেশিদের কাছে বিক্রি করা হয় না। লক খুলে অন্য কোনো দেশের নাগরিকদের কাছে তা বিক্রি করা হয়। পুরোনো মোবাইল বিক্রি করা ব্যবসায়ীরা আগে ক্রেতার দেশের নাম জেনে মোবাইল দেখান।
কেন টার্গেটে আড়ং থেকে শ্যামলী মোড়?:
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুর রোডের কলেজগেট ও আশপাশে রয়েছে সরকারি-বেসরকারি একাধিক হাসপাতাল। ফলে এ এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত অসুস্থ রোগী ও তাদের স্বজনের যাতায়াত লেগেই থাকে। যাদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসেন। এসব মানুষের ব্যস্ততা ও অসতর্কতার সুযোগ নিয়ে থাকে অপরাধী চক্র। তা ছাড়া দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা বাসগুলো শ্যামলী ও কল্যাণপুরে ভোরে থামে। সেখান থেকে যাত্রীরা অটোরিকশায় যান নিজেদের বাসায়। এজন্য ভোরের বাসে ঢাকায় ফেরা লোকজনও থাকে টার্গেটে। এ ছাড়া এলাকাটি জেনেভা ক্যাম্পের কাছাকাছি হওয়ায় ছিনতাইকারী অপরাধীরা ছিনতাই করে দ্রুততম সময়ের মধ্যেই তাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে পারে। এসব কারণে ওই এলাকাটা ভয়ংকর হয়ে উঠেছে।
সাম্প্রতিক কিছু ঘটনাতেও এর সত্যতা মেলে। গত ২৯ আগস্ট ভোরে ওই এলকাটির অদূরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ হারান স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন। গত কয়েক মাসেও তার ব্যাগটি উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানানো হলেও তারাই যে সরাসরি জড়িত ছিল, তা প্রমাণ করা যায়নি।
এর আগে গত ১২ জুন ভোরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে একইভাবে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে প্রাণ হারান ওষুধ কোম্পানির কর্মকর্তা সোহেলি ইসলাম (৪২)। ঘটনার দিন দিনাজপুর থেকে মেয়েকে নিয়ে ঢাকার বাসায় ফিরছিলেন তিনি।
গত ২৪ অক্টোবর সকালে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে গাবতলী যাচ্ছিলেন সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ। কলেজগেট পার হয়ে সামনে যেতেই পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেলে আসা দুই তরুণ তার স্ত্রীর হাত থেকে ব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
এখানেই শেষ নয়, এ আড়ং মোড় থেকে শ্যামলী পর্যন্ত দুই কিলোমিটার সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাবেক বিচারক, দুর্নীতি দমন কমিশনের (দুদকের) অতিরিক্ত মহাপরিচালক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। প্রশাসনিক চাপে দু-একজনের মোবাইল ও ছিনতাই হওয়া মালপত্র উদ্ধার হলেও অন্যদের বেলায় সঙ্গী শুধুই অপেক্ষা।
মিরপুর সড়কজুড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান কালবেলাকে বলেন, মিরপুর সড়ক অনেক ব্যস্ততম একটি সড়ক। সাম্প্রতিক সময়ের নানা বাস্তবতা সামনে রেখে প্রধান সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। একাধিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া, মিরপুর সড়কে ছিনতাইকারীদের প্রতিরোধে একাধিক টিম কাজ করছে।
জেনেভা ক্যাম্প ঘিরে চোরাই মোবাইল কারবারিদের বিষয়ে ডিসি বলেন, জেনেভা ক্যাম্পে আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযান হয়। চোরাই মোবাইল চক্রের বিষয়ে কোনো তথ্য জানা ছিল না। এটা আমাদের কাছে নতুন তথ্য। এ বিষয়ে স্থানীয় সোর্স লাগিয়ে খোঁজখবর নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।