Image description

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। অভিজাত এই বিপণিবিতানে এক সময় কেনাকাটার ধুম লেগে থাকতো। কিন্তু এখন পরিস্থিতি আগের মতো নেই। ক্রেতা সমাগম থাকলেও বিক্রি হচ্ছে না আগের মতো। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতা আসছে, ঘুরছে। কিন্তু কেনাকাটা করছেন কম। বিক্রি কমে যাওয়ায় ব্যবসা ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে।
রোববার এই বিপণিবিতানের কাপড়, জুতা, ঘড়ি, জুয়েলারি, ইলেকট্রনিকস, মোবাইল, ক্যামেরাসহ বিভিন্ন দোকানে ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি সংকটে আছেন কাপড় ও জুতার ব্যবসায়ীরা। ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের বিক্রি নেমে এসেছে অর্ধেকের নিচে। কারও কারও বেচাকেনা ঠেকেছে তলানিতে। ব্যবসায়ীরা বলছেন, আগের মতো জাঁকজমক নেই; বেচাবিক্রির পাশাপাশি লোক সমাগমও কমেছে এই মার্কেটে।

মার্কেটে নারীদের বিয়ের পোশাক বিক্রি করে তানজিনা ফ্যাশন। নভেম্বর থেকে বিয়ের মৌসুম শুরু হয়; তবে ব্যবসায়ে এখনো মন্দা চলছে। বর্তমান সময়ে ব্যবসায়ের অবস্থা জানতে চাইলে তানজিনা ফ্যাশনের সম্রাট হোসেন মানবজমিনকে বলেন, গত বছর এই সময় প্রতি সপ্তাহে কম হলেও ২০ লাখ টাকা বিক্রি করেছি। এখন নভেম্বর মাস প্রায় শেষ, সপ্তাহে সর্বোচ্চ গেলে ১ বা দেড় লাখ টাকার বিক্রি হয়। অথচ দৈনিক দোকান খরচ আছে ৯ হাজার ২০০ টাকা। এমন সময় যায়, দোকানের খরচই ওঠে না। প্রতি মাসেই বাইরে থেকে এনে টাকা ইনভেস্ট করতে হচ্ছে। এভাবে বেশিদিন চলা যাবে না। এখন শুধু মার্কেটে টিকে থাকার চেষ্টা করছি।

‘আলিফ-লাম’ নামের দোকানের মুকুল বিশ্বাস বলেন, ব্যবসায় চরম সংকটময় সময় পার করছি। টিকে থাকার জন্য গ্রামের এক বিঘা জমি বিক্রি করে দোকানে বিনিয়োগ করি। তিনি বলেন, আগে মাসে বেচতাম সাড়ে ৪ লাখ বা ৫ লাখ টাকা, এখন কোনোরকমে ১ লাখ টাকা বেচি। যদিও গত দুই মাসে তাও হয় নাই। এই টাকার মধ্যে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, মার্কেটের সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে হয়।
সিটি শপের মালিক মো. কামাল হোসেন; বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কাপড়ের ব্যবসা করেন ১০ বছর ধরে। তবে গত ৬ মাসের মতো কঠিন অবস্থার মুখোমুখি হননি বলে জানান তিনি। কামাল হোসেন মানবজমিনকে বলেন, লসের মধ্যে আছি। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকা লসে আছি আমি। ৬ দিন পর ক্রেতার দেখা পেলাম। বেচাকেনা এমন চললে লসেই তো থাকা লাগবে।

তিনি বলেন, আমার চোখের সামনে ওই পাশের একটা দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে তিনবার। কী করবো! ব্যবসা চালাতে পারছি না। এমন চলতে থাকলে বাজারে টিকে থাকা সম্ভব হবে না। আর যে ক্ষতি হবে তা সামাল দেয়ার ক্ষমতা নাই আমার।
ওদিকে পরিচিত ব্র্যান্ডের দোকানগুলো অতটা ক্ষতির মুখে পড়েনি। যদিও আগের চেয়ে কমেছে তাদের বিক্রি। ‘লুবনান’র ম্যানেজার মনির হোসেন বলেন, আমাদের বিক্রি কমেছে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ। একটা সময় এমন যে ছিল যে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও অনেকে কেনাকাটা করতেন। কিন্তু এখন সেই অবস্থা নাই। আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন, তারাই আসেন। তবে কিছু কাস্টমার কমেছে। যেমন মধ্যবিত্ত কিছু ক্লায়েন্ট ছিল, যারা এখন আসে না। পরিস্থিতির কারণে দাম বাড়ছে।

সংকটাপন্ন সময় পার করছেন জুতা ব্যবসায়ীরা। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু বলেন, দোকান ধরে রাখতে ধার কইরা বিনিয়োগ করছি ৮ থেকে ১০ লাখ টাকা। আগে যে পরিমাণ বিক্রি হতো, এখন তার চার ভাগের এক ভাগ হচ্ছে। আগে বছরের এই সময়ে কম হলেও ১৫ জোড়া কেডস বিক্রি হতো। গত বৃহস্পতিবারে দুই জোড়া কেডস বেচলাম, এরপর আর কোনো খবর নাই। আমরা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে যে পরিমাণ জুতা বিক্রি করি, রোজার ঈদেও এত পরিমাণ বেচতে পারি না।
কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ক্রেতা পাইনি। আমার মন হয়, মানুষের হাতে টাকা নাই। টাকা না থাকলে কিনবো কেমনে! এ মাসের দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেই নাই এখনো। ভাড়া দিবো কেমনে সেই চিন্তা করতাছি।
শুধু আতিকুর রহমান অপু নয়; অন্যান্য জুতা ব্যবসায়ীদেরও একই অবস্থা। রিসেন্ট, এম টি স্যু’জ ও সুইস মিস-এসব দোকানেরও বেচাকেনা নেমে এসেছে তলানিতে। ব্যবসায়ীরা জানান, ব্যবসার অবস্থা চরম সংকটে। এমনও মাস যায় যখন দোকানের খরচও উঠে না।

খানিকটা মন্দার হাওয়া লেগেছে শখের জিনিস ঘড়ির ব্যবসাতেও। বসুন্ধরা মার্কেটের এই ব্যবসায়েও বিক্রি কমেছে প্রায় ৩০ শতাংশ। কমেছে ক্রেতাদের আনাগোনাও। টাইম জোনের ম্যানেজার সাইদুর রহমান বলেন, আমাদের কিছু নির্দিষ্ট কাস্টমার আছে। এর বাইরে অনেকে আসতেন। কিন্তু ওই ধরনের কাস্টমার এখন আর আসেন না। আমাদের লস না হলেও, বিক্রি কমেছে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। আমার মনে হচ্ছে, বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে কাস্টমার কমছে।

সুইস টাইম এ ক্রেতা না থাকায় অলস সময় কাটাচ্ছিলেন দোকানের দুই কর্মী হৃদয় ও রাহুল। তারা বলেন, কাস্টমার আগের চেয়ে অনেক কমছে। সেল (বিক্রি) এখন খুব খারাপ। আগে এতক্ষণে এক-দুইটা ঘড়ি বিক্রি করতে পারতাম। কিন্তু এ মাসে ঘড়ি বিক্রি করছি হাতেগোনা কয়েকটা। বেচাকেনা না বাড়লে আমাদের অবস্থাও ভালো হবে না।
টাইম ভিউ’র বাধন বলেন, আমাদের বিক্রি কমছে প্রায় ২০ ভাগ। তার চেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে সামনের সময়টা কেমন যাবে, তা নিয়ে। কারণ এ মাসে বেচাকেনার বেশ অবনতি হয়েছে।
শীতের মৌসুমে ওভেন ও ওয়াশিং মেশিনের মতো ইলেকট্রনিক পণ্যের চাহিদা বাড়ে। তবে এবারের চিত্র ভিন্ন। ফাঁকা পড়ে আছে দোকানগুলো। ক্রেতার অপেক্ষায় বসুন্ধরা মার্কেটের স্যামসাং শো-রুমের বিক্রয়কর্মীরা। বিদেশি ব্র্যান্ডের বিক্রি কমেছে শতকরা ৫০ ভাগ। ম্যানেজার বলেন, আমার মনে হয় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। না হলে আমাদের বেচাকেনা কখনো এমন ছিল না। ৫০ শতাংশ বিক্রি কমবে, এটা আমরা ভাবতেও পারি নাই।

বসুন্ধরার মোবাইল মার্কেট থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কারও ব্যবসা ভালো, কেউ বলছেন মোটামুটি। রাফসান টেলিকমের রাহিদ হোসেন। তিনি মানবজমিনকে বলেন, বেচাকেনা একেবারেই নাই ভাই। কাস্টমার নাই, সারাদিন বইসা ফোন চালাই। শুধু শুক্রবার আসলে ৩-৪টা ফোন বিক্রি করতে পারি। সপ্তাহের বাকি দিন এমনে বইসা থাকা লাগে। আন্তর্জাতিক বাজারে মোবাইলের দাম বাড়ছে। ২৫ হাজারের ফোনের দাম এখন ৩২ হাজার। মানুষ আইসা দেইখা চইলা যায়।

ইয়াসরা মোবাইল বিডি এর মালিক আহমেদ অপু বলেন, তিন মাস ধরে ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন যে অবস্থা হইছে, কোভিডের লকডাউনের সময়ও হয় নাই- এত খারাপ অবস্থা। ইন্টারন্যাশনাল মার্কেটে চিপের দাম ও র‌্যাম-রুমের দামও বেড়েছে, এজন্য ফোনের দামও বাড়তি। বাড়তি দাম দেখলে আর ফোন নিতে চায় না কেউ।
নতুন ফোনের পাশাপাশি পুরনো ফোনও বিক্রি করে ট্রাস্ট পয়েন্ট। বর্তমানে নতুন ফোনের বাজারমূল্য বেশি হওয়ায় পুরনো চাহিদা বেশি বলে জানায় দোকান কর্তৃপক্ষ। মালিকপক্ষের লোক রাহাদ বলেন, এ মাসটা খুবই খারাপ যাচ্ছে।
ফটো জোনের নাসির উদ্দিন বলেন, আমরা পুরান ক্যামেরা নিয়া কাজ করি। এক্সচেঞ্জও করি। গেল কয়েক মাস ধইরা কী হইছে জানি না, কিন্তু কাস্টমার আসে না। বিক্রি খুব কম। প্রফিটের অবস্থা খারাপ। আশাকরি ব্যবসার পরিস্থিতি ভালো হবে। আশা ছাড়া তো কিছু করারও নাই।