Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, আজ টিউশন শেষে ফেরার পথে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ভাই চিৎকার করে জানান, ভেতরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে রেলওয়ের একজন কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। তার দেখাদেখি আমিও এগিয়ে যাই। পরে আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।

তিনি আরও বলেন, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও, পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ভালোভাবে পরীক্ষা করে ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। এমনকি বগির সিটগুলোতেও কেরোসিন মাখানো অবস্থায় দেখা গেছে। এসব দেখে স্পষ্টতই মনে হয়েছে, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।

চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেনে রাত ৮টা ৫ মিনিটের দিকে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে এ ঘটনা ঘটে। পরে ওই ট্রেন পরিবর্তন করে শিক্ষার্থীদের অন্য আরেক ট্রেনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনাকে নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ছাড়ার আগে কিংবা অন্য যেকোনো অবস্থায় ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

তিনি আরও বলেন, সাধারণত ট্রেন চলমান অবস্থায় এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ থাকে না। কিন্তু ট্রেন থেমে থাকা অবস্থায় যথাযথ নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা সুযোগ নিতে পারে। তাই ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায়ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।