সিরাজগঞ্জে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকারসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান বকুলও রয়েছেন বলে জানা গেছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরবেলা সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয় এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা।
জানা গেছে, রোববার পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছিল। এ সময় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার মনোনয়ন ফরম উত্তোলন করতে আসেন। ফরম সংগ্রহের পরপরই তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।
আহত মিলন সরকারের অভিযোগ, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনজুর রহমান বকুল চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম তুলতে গেলে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় জেলা যুবদল নেতা মোমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৃদুল, সবুজ ও রিপন জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল বলেন, আমরা মনোনয়ন ফরম তুলতে গিয়েছিলাম। তারা ফরম তুলতে দিতে চাননি। ফরম উত্তোলনের সময় আমাদের ওপর হামলা চালানো হয়। এতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও এই গ্রুপটি আমাদের ওপর হামলা চালিয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ। তিনি বলেন, এটা মিথ্যা অভিযোগ। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমি যখন ভাসানী মিলনায়তনের সামনে ছিলাম, তখন আমাদের লোকজন এসে জানায়, তাদের ওপর আক্রমণ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, আমরা মনোনয়ন ফরম বিতরণ করে বাইরে চলে আসার পর সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে শুনেছি। দলের একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাটি ভিডিওর মাধ্যমে রেকর্ড করা আছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে সংঘটিত এ সংঘর্ষের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।